সৌদি আরব, জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ মিশনগুলোর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত হয়েছে। যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডাসহ বিভিন্ন দেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জুলাই গণ-অভ্যুত্থান দিবসে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন ও সংহতি জানিয়েছে।
সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত হয়। এই উপলক্ষে রিয়াদে দূতাবাসের অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন। রাষ্ট্রদূত তার বক্তব্যের শুরুতে জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাদের রুহের মাগফিরাত কামনা করেন।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয়। পরে জুলাই অভ্যুত্থানের ওপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযথ মর্যাদায় গতকাল জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত হয়। টোকিওর বাংলাদেশ দূতাবাস জানায়, দূতাবাসের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার প্রদত্ত বাণী পাঠ করা হয়। রাষ্ট্রদূত মো. দাউদ আলী তার বক্তব্যে জুলাই গণ-অভ্যুত্থানের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।
পাশে থাকার অঙ্গীকার যুক্তরাজ্যের
বাংলাদেশে ছাত্র নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে গতকাল যুক্তরাজ্য দিবসটি স্মরণ করে যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে এবং বাংলাদেশের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে। ঢাকায় ব্রিটিশ হাইকমিশন তাদের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে জানায়, গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ ভবিষ্যতের পথে এগিয়ে যেতে যুক্তরাজ্য অন্তর্বর্তী সরকার ও বাংলাদেশের জনগণের পাশে রয়েছে।
গণতান্ত্রিক ভবিষ্যতের প্রত্যাশায় সংহতি কানাডার
গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে বাংলাদেশের জনগণের সঙ্গে অন্যান্য দেশের পাশাপাশি সংহতি প্রকাশ করেছে কানাডা। গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক আগামীর বাংলাদেশ কামনায় জনগণের সঙ্গে একাত্মতা পোষণ করেছে দেশটি। ঢাকায় কানাডার দূতাবাস তাদের অফিশিয়াল ফেসবুক পাতায় এক বিবৃতিতে জানায়, বাংলাদেশের জনগণের সাহস এবং তাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার স্বীকৃতি জানাতে গুরুত্বপূর্ণ দিনটি উদযাপনে তাদের সঙ্গে যোগ দিচ্ছে কানাডা।
গণতান্ত্রিক অভিযাত্রায় সমর্থন ফ্রান্সের
গণ-অভ্যুত্থান দিবসে বাংলাদেশের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেছে ফ্রান্স। আগস্টের ঘটনাগুলোকে এ দেশের গণতান্ত্রিক যাত্রার এক মোড় হিসেবে স্বীকৃতি দিয়েছে ফ্রান্স। ঢাকায় ফ্রান্সের দূতাবাস তাদের অফিশিয়াল ফেসবুক পাতায় এক বিবৃতিতে জানায়, আজকের দিনটি ২০২৪ সালের জুলাই ও আগস্টের করুণ ঘটনার স্মরণে উৎসর্গ করা হয়েছে। ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছিল। বিবৃতিতে বাংলাদেশের শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য ফ্রান্সের অটুট সমর্থনের কথা পুনর্ব্যক্ত করা হয়।
গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি সমর্থন জার্মানির
জার্মানিও গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উদযাপনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যোগ দিয়ে এই দিনটিকে স্মরণ ও প্রতিফলন এবং ভবিষ্যতের দিকে তাকানোর মুহূর্ত বলে অভিহিত করেছে। ঢাকার জার্মান দূতাবাস তাদের অফিশিয়াল ফেসবুক পেজে এক বিবৃতিতে জানায়, ‘৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এই গুরুত্বপূর্ণ দিনে জার্মান দূতাবাস বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে।’
গণতান্ত্রিক অভিযাত্রায় অস্ট্রেলিয়ার সমর্থন
ঢাকায় অস্ট্রেলিয়ান হাইকমিশন থেকেও গণ-অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে ৫ আগস্টের তাৎপর্য স্বীকার করে দেশের গণতান্ত্রিক উত্তরণের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। হাইকমিশন তার অফিশিয়াল ফেসবুক পেজে পোস্টে দেওয়া এক বিবৃতিতে জানায়, গত বছরের গণ-অভ্যুত্থানে যারা প্রাণ হারিয়েছেন বা আহত হয়েছেন, আমরা তাদের স্মরণ করছি। অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ায় আমরা বাংলাদেশকে সমর্থন করি।
গণতান্ত্রিক অগ্রযাত্রায় ইইউর সমর্থন
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তাদের ফেসবুক পেজে পোস্টে দেওয়া এক বিবৃতিতে জানায়, এক বছর আগে বাংলাদেশের জনগণ রাস্তায় নেমেছিল একটি ন্যায়সংগত এবং গণতান্ত্রিক ভবিষ্যতের দাবিতে। আজ আমরা তাদের সহনশীলতা এবং সাহসিকতাকে সম্মান জানাই। যারা প্রাণ দিয়েছেন তাদের স্মরণ করি এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা এবং পুনর্বাসনের প্রতি আমাদের সহায়তা পুনরায় ব্যক্ত করছি। শান্তিপূর্ণ, গঠনমূলক সংলাপের মাধ্যমে মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সংস্কার সম্পন্ন করার জন্য সব রাজনৈতিক দলের প্রতি ইইউ আহ্বান জানায়। বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ইইউর সমর্থন সমুন্নত থাকবে।