তথ্যপ্রযুক্তি (আইসিটি) খাতে গত ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সংঘটিত অনিয়ম-দুর্নীতির তদন্ত ও বিশ্লেষণ সাপেক্ষে একটি পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রণয়নের লক্ষ্যে তথ্য আহ্বান করেছে শ্বেতপত্র প্রণয়ন টাস্কফোর্স।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায়।
এতে বলা হয়, ২০২৫ সালের ২১ এপ্রিল প্রধান উপদেষ্টার আদেশক্রমে গঠিত এ কমিটি ( টাস্কফোর্স) ইতোমধ্যে তাদের কর্মসূচির দ্বিতীয় ও চূড়ান্ত পর্বে প্রবেশ করেছে। এ পর্যায়ে টাস্কফোর্সের মেয়াদ ২২ জুন থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত তিন মাস বৃদ্ধি করা হয়েছে এবং তিনজন নতুন বিশেষজ্ঞ সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন।
নতুন অন্তর্ভুক্ত সদস্যরা হলেন- প্রখ্যাত প্রযুক্তিবিদ পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ- এর চেয়ারম্যান অধ্যাপক রেজওয়ান খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক চৌধুরী মফিজুর রহমান, বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক রিফাত শাহরিয়ার।
টাস্কফোর্সের নেতৃত্বে রয়েছেন- আন্তর্জাতিকভাবে খ্যাতিমান উন্নয়ন অর্থনীতিবিদ অধ্যাপক ড. এম. নিয়াজ আসাদুল্লাহ।
শ্বেতপত্র প্রণয়নের চূড়ান্ত ধাপে নাগরিক ও অংশীজনদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে দেশবাসীর কাছে তথ্য, মতামত ও প্রস্তাবনা আহ্বান করা হচ্ছে। বিশেষ করে প্রকল্প অনুমোদন ও বাস্তবায়ন প্রক্রিয়ায় সংঘটিত অনিয়ম যেমন- টেন্ডার কারসাজি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রকল্পের স্থান নির্ধারণসহ যেকোনো তথ্য জমা দেওয়া যাবে।
তথ্য পাঠানোর মাধ্যমগুলো হলো-
ই-মেইল: [email protected]
জরিপ ফর্ম: https://forms.gle/U81miZaZrQKWTwit8
এ ছাড়া রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের নিচতলায় স্থাপিত পরামর্শ বাক্সেও তথ্য দেওয়া যাবে।
জয়ন্ত সাহা/সুমন/