কানাডায় প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) টরেন্টোতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
‘স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম ও প্রবাসীদের ভোট প্রদানে উদ্বুদ্ধকরণ বিষয়ক আলোচনা’ অনুষ্ঠানে নির্বাচন কমিশনের কর্মকর্তা, কানাডা বসবাসরত বাংলাদেশ কমিউনিটির সদস্য ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এর মাধ্যমে প্রবাসে থেকে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাবেন কানাডা প্রবাসীরা। এ নিয়ে ১০ দেশের বাংলাদেশি প্রবাসীরা ১৭টি মিশন অফিসের মাধ্যমে এ সেবার আওতায় এলো।
একজন প্রবাসীকে প্রবাসে বসেই অনলাইন পোর্টালের (https://services.nidw.gov.bd) মাধ্যমে ভোটার নিবন্ধন ফরম-২(ক) পূরণ করে আবেদন করতে হয়।
বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, জাপান কানাডায় প্রবাসী বাংলাদেশিদের এনআইডি সেবা দেওয়া হচ্ছে। গত জুলাইয়ে যুক্তরাষ্ট্র, ওমান, দক্ষিণ আফ্রিকা, জর্ডান ও মালদ্বীপে এ কাজ শুরুর অনুমতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের মধ্যে লসএঞ্জেলেসের পাশাপাশি নিউ ইয়র্ক, ওয়াশিংটনসহ যেখানে বাংলাদেশের অফিস রয়েছে, সেখানে এ কাজ শুরুর সম্মতি মিলেছে।
ইসি কর্মকর্তারা জানান, আগামী মাসে জর্ডান, মালদ্বীপ, ওমান ও দক্ষিণ আফ্রিকায় এনআইডি সেবা চালুর জন্য প্রস্তুতিমূলক কাজ শুরু হচ্ছে। এ লক্ষ্যে কারিগরি ও প্রশাসনিক টিম যাচ্ছে সেখানে। এ দুটি টিমের সহযোগিতায় দূতাবাস ও মিশন অফিসে সংশ্লিষ্ট জনবলকে হাতে কলমে প্রশিক্ষণ, যন্ত্রপাতি স্থাপন, নেটওয়ার্ক প্রতিষ্ঠা ও প্রবাসীদের সঙ্গে সচেতনতামূলক মতবিনিময় করবে। এরপর এনআইডি পার্সোনালাইজেশনের ‘টেস্ট অ্যান্ড ট্রায়াল’ করা হবে। পর্যায়ক্রমে ৪০টি দেশে এনআইডি সেবা চালুর পরিকল্পনা রয়েছে ইসির।
এলিস/রিফাত/