পঞ্চগড় জেলা সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এতে স্বাস্থ্য ও পুষ্টি সচেতনতামূলক দিনব্যাপী ফ্রি ক্যাম্পের আয়োজন করা হয়।
শুক্রবার (৩১ অক্টোবর) রাজধানীর মানিক মিয়া এভিনিউ'র সেচ ভবনের বিএডিসি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে সার্বিক সহযোগী পার্টনার ছিলো নোবেল ওয়েলনেস একাডেমি। হেলথ পার্টনার ছিলো সোশ্যাল ইসলামি ব্যাংক ফাউন্ডেশন হাসপাতাল। পুষ্টিসেবা দিয়েছে পুষ্টিবিদ ফাউন্ডেশন।
আয়োজনে মিডিয়া পার্টনার ছিলো দৈনিক খবরের কাগজ।
সকাল সাড়ে ১০টায় বার্ষিক সাধারণ সভা এবং স্বাস্থ্য ও পুষ্টি সচেতনতামূলক ফ্রি ক্যাম্প শুরু হয়। অনুষ্ঠানে প্রায় চারশ'র বেশি সদস্য অংশ নেন। ফ্রি ক্যাম্পে ডায়বেটিস-প্রেশার-ওজন মাপা এবং স্বাস্থ্যকর ডায়েট চার্ট প্রদানসহ স্বাস্থ্য ও পুষ্টি পরামর্শ দেওয়া হয়।
সেবা দেন সোশ্যাল ইসলামি ব্যাংক ফাউন্ডেশন হাসপাতাল বিভাগীয় প্রধান (ডায়েটিশিয়ান) রেবেকা সুলতানা রুমা, পুষ্টিবিদ সাজিয়া মাহমুদ, কাস্টমার রিলেশন্স ইনচার্জ আবু নোমান, ডা. সাইফুল ইসলাম, লং লাইফ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের পুষ্টিবিদ আফসানা ঈশিতা, মিরপুর জেনারেল হাসপাতালের পুষ্টিবিদ ফারজানা নিঝুম, মেরী স্টোপস মেটার্নিটি হাসপাতালের পুষ্টিবিদ উর্মিলা জাহান রিতু, সোশ্যাল ইসলামি ব্যাংক ফাউন্ডেশন হাসপাতালের আফিয়াত নুসরাত তানজিন ও নোবেল ওয়েলনেস একাডেমির এসইও রাব্বিল মেস্তাফিজ রাজ।
সাধারণ সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি সাবেক যুগ্ম সচিব মো. মাহাবুবুর রহমান ফারুকী। প্রথম অধিবেশনে সমিতির সাধারণ সম্পাদক কৃষিবিদ ড. মো. আব্দুর রহমান বিগত বছরের কার্যক্রমের উপর বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন। সমিতির কোষাধ্যক্ষ কৃষিবিদ মো. আব্বাস আলী বিগত বছরের আর্থিক প্রতিবেদন এবং আগামী বছরের জন্য প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। যা সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।
দ্বিতীয় অধিবেশনের নির্বাচন বিষয়ক সার্চ কমিটির সদস্য সচিব মো. খালেদ শামস্ প্রধান রুম্মান নির্বাচন প্রক্রিয়া ও কার্যবিবরনী উপস্থাপন করেন। সার্চ কমিটির আহবায়ক প্রকৌশলী মো. আইনুল হক আগামী ২০২৫-২০২৭ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন।
তিনি সকলের সম্মতিতে নতুন সভাপতি হিসেবে মাহাবুবুর রহমান ফারুকী ও সাধারণ সম্পাদক কৃষিবিদ ড. আব্দুর রহমানসহ কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন।
আরিফ সাওন/এসএন