স্বয়ংসম্পূর্ণ চাকরি-বিধিমালা প্রণয়ন ও প্রকাশ করার দাবিতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)- এর কর্মচারীরা এখন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) সঙ্গে জরুরি সভায় বসেছেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে খবরের কাগজকে এই তথ্য জানিয়েছেন বিক্ষোভরত কর্মচারীদের প্রতিনিধিরা।
তারা জানান, বিকেল ৫টার মধ্যে তার রাজধানীর দিয়াবাড়িতে মেট্রোরেল ভবনে এমডি কার্যালয়ে সভায় যাবেন। স্বয়ংসম্পূর্ণ চাকরি-বিধিমালা প্রণয়ন ও প্রকাশ না করায় শুক্রবার থেকে টানা কর্মবিরতির ঘোষণা দিয়েছেন মেট্রোরেল কর্মীরা। তারা সব ধরনের যাত্রী পরিষেবা বন্ধ রাখার কথাও জানিয়েছেন।
আজ বৃহস্পতিবারের মধ্যে সার্ভিস রুল ঘোষণার আলটিমেটাম দিয়ে মেট্রোরেলের নবম থেকে বিশতম গ্রেডের কর্মচারীরা এ সিদ্ধান্ত নিয়েছেন। তারা বলেছেন, বৃহস্পতিবারের মধ্যে সার্ভিস রুলের ঘোষণা না এলে শুক্রবার থেকে সব ধরনের যাত্রী পরিষেবা থেকে তারা বিরত থাকবেন।
বুধবার রাতে মেট্রোরেল কর্মচারীরা এই সিদ্ধান্ত নিয়েছেন৷ তারা জানিয়েছেন, শুক্রবার সকাল ৭টা থেকে তাদের কর্মবিরতির কর্মসূচি শুরু হবে।
মেট্রোরেল কর্মচারীরা বলছেন, ২০১৩ সালে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) প্রতিষ্ঠার পর দীর্ঘ এক যুগ কেটে গেলেও প্রতিষ্ঠানের ৯০০-র বেশি নিয়মিত কর্মকর্তা-কর্মচারীর জন্য এখনো কোনো স্বতন্ত্র চাকরি-বিধিমালা প্রণয়ন করা হয়নি। চাকরি-বিধিমালা না থাকায় কঠোর পরিশ্রম ও প্রতিযোগিতা করে নিয়োগপ্রাপ্ত প্রতিটি কর্মকর্তা-কর্মচারীর মধ্যে রয়েছে দীর্ঘ দিনের অসন্তোষ এবং হতাশা বিরাজ করছে। ছুটি, সিপিএফ, গ্র্যাচুইটি, শিফট-অ্যালাউন্স বা ওভারটাইম, গ্রুপ-ইন্স্যুরেন্সসহ ন্যায্য বিভিন্ন আর্থিক সুবিধা এবং দীর্ঘমেয়াদি পদোন্নতির সুযোগ থেকে কর্মচারীরা বঞ্চিত হচ্ছেন।
সুমন/