চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা জোরদারের জন্য ড্রাইভওয়েতে দর্শনার্থী প্রবেশ রহিতকরণ বা সীমিতকরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে বিমানবন্দর কর্তৃপক্ষের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এতে বলা হয়, রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তির প্রটোকলে আসা লোকদের প্রবেশ সীমিতকরণ করেছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা কমিটির মাসিক সমন্বয় সভায় আসন্ন জাতীয় নির্বাচন আগে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এতে আরও জানানো হয়, প্রথম শ্রেণির কেপিআই প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক বিমানবন্দরটির নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিমানবন্দরের টার্মিনাল ড্রাইভওয়েতে সব ধরনের যানবাহন ও যাত্রী ছাড়া অন্যান্য দর্শনার্থীর প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
বিমানবন্দরে আগত যাত্রীবাহী সব যানবাহনকে সরাসরি প্রধান পার্কিং ও কার্গো পার্কিং এলাকায় প্রবেশ করে যাত্রী ওঠানামার জন্য বলা হয়েছে। বিমানবন্দরের প্রধান পার্কিং এলাকায় কেবল যাত্রী নামিয়ে দেওয়া প্রবেশকৃত যানবাহন থেকে পার্কিং টোল আদায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এ ছাড়া বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহারের অধিকারপ্রাপ্ত রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এবং তাদের পরিবার, যাত্রী হিসেবে আগমন ও বহির্গমনের সময় প্রয়োজনীয় প্রটোকল সম্পাদনের জন্য সর্বোচ্চ একজন অনুমোদিত ব্যক্তি নির্ধারিত প্রটোকল পাশ দেখিয়ে ভেতরে প্রবেশ করতে পারবেন।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিমানবন্দরের নিরাপত্তার জন্য বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।
আবদুস সাত্তার/সুমন