স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক গৃহীত এফসিপিএস ট্রেনিং সংক্রান্ত সিদ্ধান্তসমূহ ৪৮ ঘণ্টার মধ্যে বাতিল করে নতুন নির্দেশনা জারির আলটিমেটাম দিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন। একইসঙ্গে সংগঠনটি ৬ দফা দাবিও উত্থাপন করেছে।
বুধবার (৩ জুন) অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক ডা. মোহাম্মদ ইরফানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব দাবি তুলে ধরা হয়।
বিজ্ঞপ্তিতে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের নেতারা উল্লেখ করেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক গৃহীত এফসিপিএস ট্রেনিং সংক্রান্ত নোটিশটি অযৌক্তিক। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে মন্ত্রণালয় কর্তৃক ১৯ মে এফসিপিএস ট্রেনিং সংক্রান্ত সিদ্ধান্তসমূহ ৪৮ ঘণ্টার মধ্যে বাতিল করতে হবে। পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন প্রণয়ন এবং এ আইনের আওতায় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার নিশ্চিত করতে হবে।
নেতারা আরও বলেন, ইন্টার্ন চিকিৎসকদের মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ, বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের বেতন নবম গ্রেডের সমপর্যায়ে উন্নীত করা এবং বেসরকারি চিকিৎসকদের জন্য নির্দিষ্ট বেতন কাঠামো প্রণয়ন, বিসিএস ক্যাডারে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর নির্ধারণ, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফি সর্বোচ্চ এক হাজার টাকা নির্ধারণসহ নানা দাবি তুলে ধরা হয়।
এ ছাড়াও বিজ্ঞপ্তিতে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চিকিৎসক ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নের স্বার্থে এসব যৌক্তিক দাবি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের দাবি জানানো হয়। অন্যথায় চিকিৎসকরা আগামীতে বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও হুঁশিহারি দেন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।
থিও/