বিএনপি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ করে কাজ করতে চায় বলে জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর পল্লবীতে সরস্বতী পূজা উপলক্ষে তিনটি পূজামণ্ডপ পরিদর্শনের গিয়ে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, হিন্দু ভাইদের কখনোই আমরা সংখ্যালঘু বলতে চাই না। হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা আমাদের ভাই, আমাদের বন্ধু ও আমাদের প্রতিবেশি। আমরা সবাই বাংলাদেশি পরিবার হিসেবে তারা আমাদের পাশে থাকবে। আমরাও তাদের পাশে থেকে কাজ করব। একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপি সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও নেতৃত্বে একটি সম্প্রতি ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার কথা উল্লেখ করে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, যে বাংলাদেশের জন্য এদেশের বহু মানুষ জীবন ও রক্ত দিয়েছে, সেই মানুষগুলোর শহিদী যে রক্ত, সে রক্ত আমরা বৃথা যেতে দিতে পারি না, কারন সেই শহিদী রক্তের বিনিময়ে আমরা একটা সম্প্রীতির সুন্দর বাংলাদেশ গড়তে চাই।
আমিনুল হক বলেন, আওয়ামী স্বৈরাচার সরকার ক্ষমতায় থাকাকালীন তারা দেশের ভিতরে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে হিন্দু ভাইদের ওপর হামলা ও নির্যাতন চালিয়ে এর দায়ভার বিএনপির ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। এ দেশের জনগণ জানে বিএনপি এই ধরণের অপকর্মে কখনও জড়িত ছিল না। গত ৫ আগস্টের পরে এটা প্রমানিত যে, গত ১৭ বছরে হিন্দু সম্প্রদায়ের ওপর যে মামলা-হামলা ও নির্যাতন করা হয়েছে এর সবকিছুই আওয়ামী স্বৈরাচার সরকার করেছিল।
সরস্বতী পূজা উপলক্ষে মিরপুর হিন্দু সমাজ সেবা সংঘ ও মিরপুর সর্বজনীন সরস্বতী পূজা উদযাপন কমিটির আয়োজনে জান্নাত একাডেমি হাইস্কুল প্রাঙ্গন, ড. মুহাম্মদ শহীদুল্লাহ আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যাপিঠ ও আদর্শ বিদ্যানিকেতনে আয়োজিত এ অনুষ্ঠানে মিরপুর হিন্দু সমাজ সেবা সংঘের সভাপতি শ্রী উত্তম কুমার দত্ত, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মো. ইউসুফ, মাহাবুব আলম মন্টু, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হুসাইন খান, যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান, মোকছেদুর রহমান আবির, জান্নাত একাডেমি হাইস্কুলের ম্যানেজিং কমিটি সভাপতি অ্যাডভোকেট আলী আশরাফ লিটন, জান্নাত একাডেমি হাইস্কুলের প্রধান শিক্ষক এটিএম দেলোয়ার হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।
অমিয়/