অন্তর্বর্তী সরকারকে ঢাকা শহরের যানজট নিরসনে দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন, আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। সরকারের উদ্দেশে তিনি বলেন, রোজাদারদের জীবনযাত্রা সহজ করুন। রমজান শুরু আগেই আমরা যানজট নিরসনে সরকারকে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়ে ছিলাম। কিন্তু যানজট নিরসনে সরকারের কার্যকর কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না।
মঙ্গলবার (৪ মার্চ) রাজধানীর বিজয়নগরে দলীয় কার্যালয়-সংলগ্ন বিজয়-৭১ চত্বরে এবি পার্টির উদ্যোগে আয়োজিত মাসব্যাপী গণ-ইফতারের তৃতীয় দিনের অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেহনতি মানুষের উদ্দেশে মঞ্জু বলেন, ‘আপনাদের প্রত্যেকের অবস্থার উন্নতির জন্য প্রচেষ্টা চালাতে হবে। এখানে উপস্থিত অনেকেই গতবারও ইফতার করেছেন, এবারও করছেন। একই অবস্থায় থেকে গেলে হবে না, আমাদের মনে রাখতে হবে, যারা নিজে নিজের ভাগ্যের পরিবর্তন করতে চায় না, আল্লাহ তায়ালাও তার ভাগ্য পরিবর্তন করেন না।’
প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন বলেন, ‘হাসিনা ও আওয়ামী লীগ একটা গজবের নাম, অভিশাপের নাম। এবি পার্টি ক্ষমতায় গেলে শ্রমিক শ্রেণিই নেতৃত্ব দেবে। ফ্যাসিবাদ ও দুর্নীতিবাজদের দিয়ে দেশে কোনো কল্যাণ বয়ে আসে না।’
এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসাইনের সঞ্চালনায় ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন রানা, এ বি এম খালিদ হাসান, শাহাদাতুল্লাহ টুটুল, মহানগর দক্ষিনের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম খোকন, উত্তরের সদস্যসচিব সেলিম খানসহ অন্যরা।
শফিকুল ইসলাম/মাহফুজ