জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে সরকার নয়, নিজেরাই আগামী ৩ আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ করবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির কর্মসূচি ঘোষণা উপলক্ষে গতকাল রবিবার বাংলামোটরে এনসিপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে- ১৬ জুলাই ‘বৈষম্যবিরোধী শহিদ দিবস’ উপলক্ষে সারা দেশে দোয়া মাহফিল ও স্মরণসভা, ৩ আগস্ট শহিদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ এবং ৫ আগস্ট ছাত্র-জনতার মুক্তি দিবস উদযাপন।
নাহিদ ইসলাম বলেন, পয়লা জুলাই শহিদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে এই পদযাত্রা শুরু হবে। আমরা অন্য শহিদদেরও কবর জিয়ারত করব। তাদের পরিবারের কাছে যাব। আহত যোদ্ধা ও অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতার সঙ্গে কথা বলব। জুলাই নিয়ে তাদের আকাঙ্ক্ষার কথা শোনব।
জুলাই ঘোষণাপত্র নিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির সময় সরকার ৩০ কার্যদিবস সময় দিয়েছিল (জুলাই ঘোষণাপত্র দেওয়ার জন্য)। সেই ৩০ কার্যদিবস পার হয়ে গেছে। কিন্তু কোনো উদ্যোগ আমরা দেখিনি। জুলাইয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট, সাংবিধানিক স্বীকৃতি, শহিদের স্বীকৃতি নিশ্চিত করার জন্য জুলাই ঘোষণাপত্রটি প্রয়োজন। সবার সঙ্গে আলোচনা করে ঐকমত্যের মাধ্যমে এটি দেবে বলে সরকার প্রতিশ্রুতি দিয়েছিল। তবে তা রক্ষা করতে পারেনি। আমরা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা-প্রত্যাশা শুনে, তাদের সঙ্গে নিয়ে শহিদ মিনারে ছাত্র-জনতার জুলাই ঘোষণাপত্র এবং ইশতেহার পাঠ করব।
ঘোষণাপত্র সংবিধানে যুক্ত করার দাবি জানানো হবে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘কাদের জন্য জুলাই ঘোষণাপত্র হচ্ছে না। সরকার যেহেতু স্পষ্ট করেনি আমাদের মনে হয়, সরকারের ওপর নির্ভরশীল না থেকে আমাদের জায়গা থেকে দায়িত্ব পালন করা উচিত। সরকার যেহেতু দায়িত্ব নিয়েছিল, ফলে ব্যর্থতার দায় সরকারকে নিতে হবে।’
নাহিদ বলেন, ‘৫ আগস্ট শেখ হাসিনা পালানোর মাধ্যমে গণ-অভ্যুত্থান প্রাথমিক বিজয় অর্জন করেছিল। বাংলাদেশের মানুষ নতুন করে স্বাধীনতা ও মুক্তি লাভ করেছিল। ফলে আমরা ৫ আগস্ট ছাত্র-জনতার মুক্তি দিবস উদ্যাপন করব।’
এনসিপি এসব কর্মসূচি বাস্তবায়নে একটি কমিটি গঠন করেছে। এ কমিটির আহ্বায়ক হলেন- দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আর সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন দলের যুগ্ম আহ্বায়ক অনিক রায়।