কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) ও কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) সংসদীয় আসনের আগের সীমানা বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছেন কুমিল্লা উত্তরের জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা ও সর্বস্তরের স্থানীয় জনগণ।
রবিবার (১০ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মতিন বলেন, ‘নির্বাচন কমিশন গত ৩০ জুলাই বিজ্ঞপ্তির মাধ্যমে কুমিল্লা-২ সংসদীয় আসনের সীমানা বিদ্যমান হোমনা-মেঘনা উপজেলার পরিবর্তে হোমনা-তিতাস উপজেলার সমন্বয়ে পুনর্নির্ধারণ করেছে। এ ছাড়া বিদ্যমান দাউদকান্দি-তিতাস উপজেলার পরিবর্তে দাউদকান্দি-মেঘনা উপজেলার সমন্বয়ে কুমিল্লা-১ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করেছে। যা কোনোভাবে বিবেচনাপ্রসূত হয়নি বরং সীমানা পুনর্নির্ধারণের মাধ্যমে নানাবিধ জটিলতা সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। বিষয়টি বেশ রহস্যজনক।’
স্থানীয় জনগণ ও প্রশাসনিক সুবিধার জন্য আগের সীমানা পুনর্বহাল করতে নির্বাচন কমিশনের প্রতি জোর দাবি জানান তিনি।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সুরাসদস্য ও কুমিল্লা-২ আসনের এমপি পদপ্রার্থী নাজিম উদ্দিন মোল্লা বলেন, ‘মেঘনা উপজেলা দাউদকান্দি উপজেলা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং মেঘনা উপজেলা থেকে দাউদকান্দি উপজেলায় যাওয়ার জন্য সরাসরি সড়ক যোগাযোগ নেই। মেঘনা উপজেলা থেকে দাউদকান্দি উপজেলায় যেতে হলে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে হয়ে অথবা হোমনা উপজেলা দিয়ে বাতাকান্দি বাজার হয়ে তিতাস উপজেলার ওপর দিয়ে যেতে হয়। তাই মেঘনার সঙ্গে দাউদকান্দিকে যুক্ত করা কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। এতে প্রশাসনিক ক্ষেত্রে নানাবিধ জটিলতার সৃষ্টি হবে।’
কুমিল্লা জেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন দাউদকান্দি থানা জামায়াতের আমির ও কুমিল্লা-১ আসনের এমপি প্রার্থী মনিরুজ্জামান বাহলুল প্রমুখ।