মহান স্বাধীনতা সংগ্রামের সেক্টর কমান্ডার মেজর জলিলকে অন্তর্বর্তী সরকারও দেয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।
তিনি বলেন, 'মুক্তিযুদ্ধের সব সেক্টর কমান্ডারকে বীর উত্তম খেতাব প্রদান করা হয়েছে, একমাত্র মেজর জলিলকে দেওয়া হয়নি। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করায় মুজিব সরকার মেজর জলিলকে বঞ্চিত করেছিল। দুঃখের বিষয় আরেক সেক্টর কমান্ডার শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসেও মেজর জলিলকে প্রাপ্য সম্মান বুঝিয়ে দেয়নি। হুসেইন মো. এরশাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মুক্তিযুদ্ধের চেতনা বিক্রিকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা এমনকি অন্তর্বর্তী সরকারও মেজর জলিলকে তার প্রাপ্য সম্মান দেয়নি।'
বুধবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় মিরপুর বুদ্ধিজীবী গোরস্তানে মেজর এম এ জলিলের কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া শেষে তিনি এসব কথা বলেন।
রাশেদ প্রধান বলেন, 'স্বাধীন বাংলাদেশের প্রথম রাজবন্দি মেজর জলিল- তার অপরাধ তিনি ভারতের লুটেরা সেনাবাহিনীকে বাংলার সম্পদ লুটপাটে বাধা প্রদান করেছিলেন। সদ্য স্বাধীন দেশের একজন সেক্টর কমান্ডারকে গ্রেপ্তার করতে তৎকালীন মুজিব সরকারকে দ্বিধা করতে হয় নাই। কারণ শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা চায় নাই। শেখ মুজিব দেশকে পাকিস্তানের বদলে ভারত বানিয়েছিল।
তিনি বলেন, মেজর জলিলের প্রতিবাদী কণ্ঠস্বর আমাদের ধারণ করতে হবে। ভারতীয় আধিপত্যবাদকে কবর দিতে হবে। আগামীতে কেউ হিন্দুস্তানের গোলামি করতে চাইলে তাকে রুখে দিতে হবে।'
এ সময় আরও উপস্থিত ছিলেন- জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক ওলিউল আনোয়ার, শ্রমিক জাগপা সভাপতি মনোয়ার হোসেন, ঢাকা মহানগর যুগ্ম আহ্বায়ক মো. সাজু মিয়া প্রমুখ।
শফিকুল/মেহেদী/