বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শুক্রবার (৫ ডিসেম্বর) দেশের প্রতিটি মসজিদে, মন্দিরে এবং অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের উপাসনালয়ে দোয়া ও প্রার্থনার কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই অপরিবর্তিত রয়েছে বলে জানান রিজভী। তিনি বলেন, খালেদা জিয়া এ দেশের অনন্য রাজনৈতিক ঐক্যের প্রতীক। তাকে অসংখ্যবার জুলুম, নির্যাতন, নিপীড়ন করেও তার সিদ্ধান্ত এবং অটল মনোভাবকে টলানো যায়নি। তাকে নানা চক্রান্ত, ষড়যন্ত্র এবং নির্যাতন করে হয়তো অসুস্থ করা হয়েছে। কিন্তু দেশের মানুষ এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের প্রশ্নে তার মনোবলকে দুর্বল করা যায়নি।
তিনি বলেন, দেশের প্রত্যেক মানুষের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ও তার জন্য দোয়া করছে।
তারেক রহমানের দেশে আসার প্রসঙ্গে রিজভী বলেন, যখন উনি মনে করবেন ফিরে আসা ঠিক—সেই সময় তিনি ফিরে আসবেন। তিনি জনগণের নেতা। জনগণের সুখদুঃখে তিনি তাদের পাশে থেকেছেন। খালেদা জিয়া অসুস্থ, তার চিকিৎসার কী সিদ্ধান্ত হয়—না—হয়, অনেক বিষয় আছে। দেশ, মানুষ, রাজনীতি সব চিন্তা করেই সিদ্ধান্ত নেবেন। সেটা এ দেশের মানুষের পক্ষে, জনগণের পক্ষে, খালেদা জিয়ার সুস্থতার জন্য সুচিন্তিত সিদ্ধান্ত নিবেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মাহাদী আমিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী ও যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না প্রমুখ।
শফিকুল ইসলাম/সুমন/