২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ এক অভূতপূর্ব রাজনৈতিক ও সামাজিক বিপ্লবের সাক্ষী হয়েছিল। কেবলই ক্ষমতার লড়াই বা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নয়, এটি ছিল রাষ্ট্রচিন্তার পুনঃউদ্বোধন, যা প্রজন্মের ধারণা, নৈতিকতা এবং দায়িত্ববোধকে নতুনভাবে সংজ্ঞায়িত করল। পূর্বের অভিজ্ঞতয় স্বাধীনতা অর্জন হলো শুধু প্রথম ধাপ। রাষ্ট্রকাঠামো, ন্যায়বিচার, অর্থনীতি, গণতন্ত্র, সংস্কৃতি, এগুলোই সত্যিকার অর্থে রাষ্ট্রকে মানুষের জন্য অর্থবহ করে। ২০২৪-এর গণ-অভ্যুত্থান সেই প্রেক্ষাপটে একটি নতুন বীজ রোপণ করেছিল। এ দিনটি কেবল একটি সরকার পতনের দিন নয়, বরং একটি রাষ্ট্রচেতনার পুনর্জন্মের দিন হয়ে উঠেছিল। চব্বিশের আন্দোলনের সূত্রপাত হয়েছিল সাধারণ মানুষের, বিশেষ করে তরুণ প্রজন্মের হাত ধরে। সেখানে ছিল না কোনো দলীয় পতাকা, নেতৃত্ব দেয়নি কোনো রাজনৈতিক নেতা। সেখানে ছিল কেবল মানুষের এক গভীর নৈতিক বোধ- যে মানুষ বৈষম্যের শিকার হতে পারে না, রাষ্ট্র অন্যায়ের মুখে নতজানু হয়ে থাকতে পারে না। তাই ২০২৪ সালের গণ-অভ্যুত্থানকে কেবল রাজনৈতিক ঘটনা হিসেবে নয়, বরং নৈতিক ও সামাজিক জাগরণের ঐতিহাসিক প্রতিফলন হিসেবে বিবেচনা করতে হয়।
চব্বিশের আন্দোলনের সবচেয়ে বড় অর্জন ছিল, মানুষ বুঝেছে তারা নিজেরাই রাষ্ট্রের মালিক। এতদিন তারা অভ্যস্ত ছিল নেতার নির্দেশে চলতে, দলের ছত্রছায়ায় ভাবতে, ক্ষমতার ভাষায় ন্যায়কে সংজ্ঞায়িত করতে। কিন্তু এই অভ্যুত্থান মানুষের সেই চিন্তাকাঠামোকে ভেঙে দিয়েছে। এই পুরো প্রক্রিয়াটাকেই তাই বলা হয়েছে একটি ‘Massive Sensible Human Cloning’। অর্থাৎ চিন্তা ও নৈতিকতার স্তরে একসঙ্গে বহু মানুষের জাগরণ। এখানে ক্লোন শব্দটি জীববিজ্ঞানের নয়, বরং প্রতীকী; মানে হলো, একটি সঠিক চিন্তা একযোগে বহু মস্তিষ্কে প্রতিস্থাপিত হয়েছে। যখন হাজারো তরুণ, সাধারণ মানুষ একসঙ্গে একই সত্য উপলব্ধি করে, তখন রাষ্ট্রের কাঠামো কেঁপে ওঠে, কারণ তখন ভয় আর কার্যকর থাকে না।
বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রায় অর্ধশতাব্দী পেরিয়ে গেলেও ১৯৭১ সালে যে স্বাধীনতার স্বপ্ন ও আকাঙ্ক্ষা ছিল ন্যায়, সমতা ও মানবিক মর্যাদার রাষ্ট্র, সেই স্বপ্ন ক্রমেই ধূসর হয়ে উঠেছিল। গণতন্ত্রের নামে রাজনীতির মঞ্চে প্রবেশ করেছিল দুর্বৃত্ততন্ত্র, আর নৈতিকতা পরিণত হয়েছিল যেন তুচ্ছ এক শব্দে। ২০২৪ সালের আন্দোলন যেন সেই দীর্ঘ ক্লান্তির বিরুদ্ধে এক অগ্নিসংকেত, এক নৈতিক বিস্ফোরণ। আমরা দীর্ঘদিন ধরে এমন এক রাষ্ট্রযন্ত্রে বসবাস করেছি যেখানে পুলিশ, প্রশাসন, বিচারব্যবস্থা সবকিছুই শাসকের সেবক হয়ে পড়েছিল। ২০২৪ সালের ঘটনাবলি প্রমাণ করেছে, মানুষের সম্মিলিত বিবেকের জাগরণে সেই যন্ত্রও কেঁপে উঠতে পারে, নিজেকে সংশোধন করতে পারে। এ পুনর্জন্মকে বলা যেতে পারে ‘দানব থেকে মানবে রূপান্তর’, যেখানে ক্ষমতার অহংকার ভেঙে গিয়ে জন্ম নেয় মানবিক দায়িত্ববোধ। ‘Massive Sensible Human Cloning’- ব্যাপারটি তাই কোনো বৈজ্ঞানিক প্রস্তাব নয়, বরং একটি দার্শনিক রূপক। এর অর্থ হলো, চিন্তা ও নৈতিকতার জগতে নতুন এক প্রজন্মের জন্ম। এ প্রজন্ম শিক্ষিত হবে, কিন্তু কেবল ডিগ্রিধারী নয়, বরং তারা হবে সংবেদনশীল, যুক্তিবান ও ন্যায়বোধসম্পন্ন। ২০২৪ সালের আন্দোলন যেন সেই প্রজন্মেরই সূচনা করেছে। গণতন্ত্র তো কেবল ভোটের ব্যবস্থা নয়। এটি নাগরিকদের নৈতিক সম্পর্কের নাম। রাষ্ট্র তখনই গণতান্ত্রিক হয়, যখন জনগণ স্বাধীনভাবে প্রশ্ন করতে পারে, সমালোচনা করতে পারে ও নিজের মত প্রকাশ করতে পারে। গণতন্ত্রে মতপ্রকাশের অধিকার যেমন মৌলিক, তেমনি ভিন্নমত শোনার সহনশীলতাও ততটাই জরুরি।
আমাদের মাথার ভেতরে, চারপাশে অনেক অনেক প্রশ্ন ঘুরে বেড়ায়। রাষ্ট্রের নৈতিক ভিত্তি কোথায়? আমরা কীভাবে অতীতের দলীয় ঘেরাটোপ ভেঙে এক বৈষম্যহীন সমাজ গঠন করতে পারি? কীভাবে পুলিশ, প্রশাসন, শিক্ষক, ছাত্র সবাই মিলে নতুন এক সুশাসিত রাষ্ট্র গড়ে তুলতে পারে? ইত্যাদি ইত্যাদি। আমাদের বিশ্বাস, বাংলাদেশের মানুষ সুশাসিত হওয়ার শতভাগ যোগ্যতা রাখে। এ বিশ্বাস কোনো কল্পনাপ্রসূত নয়, এটি ইতিহাসের নির্যাস। ১৯৭১ সালে যেমন স্বাধীনতার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম, তেমনি ২০২৪ সালে আমরা ন্যায়ের জন্য ঐক্যবদ্ধ হয়েছিলাম। আমাদের সেই লড়াই অস্ত্রের নয়, চিন্তার। ক্ষমতার নয়, নৈতিকতার। রাজনীতির ইতিহাসের পাশাপাশি আমাদের চিন্তার ইতিহাসকেও জানতে হবে। আমরা এমন এক সময়ের দলিল লিপিবদ্ধ করছি, যখন মানুষের বিবেক রাষ্ট্রের শৃঙ্খল ছিন্ন করে নতুন আলোয় উদ্ভাসিত হয়েছে, যখন শুধু ‘রিয়ার ভিউ মিররে’ চোখ রেখে নয়, ভবিষ্যতের দিকে দৃষ্টি স্থির করে বাংলাদেশ নতুন পথচলা শুরু করেছে।
৫ আগস্টের ভোর তাই বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। বাংলাদেশের রাজনীতির আকাশে নতুন সূর্য উঠেছিল সেদিন, যে সূর্য ছিল জনতার হাতে মুঠোবন্দি, কোনো দল বা নেতার হাতে নয়। এ দিনটির পেছনে ছিল কয়েক মাসব্যাপী উত্তাল প্রতিবাদের স্রোত। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে যে ছাত্র আন্দোলন শুরু হয়েছিল, তা ধীরে ধীরে পরিণত হয় এক সর্বগ্রাসী নৈতিক আন্দোলনে। শুরুতে এটি ছিল শুধু প্রশাসনিক সংস্কারের দাবি, কিন্তু সরকারের সহিংস দমননীতি, হত্যাযজ্ঞ এবং মিথ্যাচার জনতার হৃদয়ের অভ্যন্তরে এক অনিবার্য আগুন জ্বালিয়ে দেয়। সাধারণ মানুষ বুঝে যায়, এ লড়াই কেবল কোটার নয়, বরং বৈষম্য, অন্যায় ও রাষ্ট্রীয় ঔদ্ধত্যের বিরুদ্ধে। যত দমন আসে, ততই জনতা সংগঠিত হয়। যত ভয় ছড়ানো হয়, ততই মানুষ ভয় হারিয়ে ফেলে। এভাবেই আন্দোলনের কেন্দ্রবিন্দুতে আসে অহিংস সাহস, যা ইতিহাসে বারবার প্রমাণ করেছে, সত্যের শক্তি কখনো পরাজিত হয় না। দেড় দশকের শাসক পালিয়ে গেল দেশ ছেড়ে। প্রথমে কেউ বিশ্বাস করতে পারেনি, কিন্তু যখন সেনাবাহিনী, পুলিশ, এমনকি সরকারি কর্মচারীরাও আর কোনো প্রতিরোধ গড়ে তোলে না, তখন জনতা বুঝে যায়, এই ভোর কেবল নতুন দিনের আলো নয়, এক দীর্ঘ অন্ধকারের অবসান। ঢাকার রাস্তায় নামল মানুষের ঢল। তাদের হাতে কোনো অস্ত্র নেই, কেবল পতাকা আর চোখের জল। কেউ কাঁদছে আনন্দে, কেউ হতবাক বিস্ময়ে। কেউ বলছে, ‘আমরা পেরেছি।’ কেউ আবার চুপচাপ দাঁড়িয়ে আছে, এ দৃশ্য সত্যিই ঘটছে কি না, তা বোঝার জন্য। দূর থেকে শোনা যাচ্ছিল আজানের সঙ্গে মিশে যাওয়া স্লোগানের আওয়াজ। মনে হচ্ছিল, আকাশ পর্যন্ত কেঁপে উঠছে মানুষের আওয়াজে। সেই মুহূর্তে আমরা বুঝতে পারি, এটি কোনো রাজনৈতিক বিপ্লব নয়, এটি নৈতিক পুনর্জন্ম। কারণ কেউ শত্রুর মৃত্যু কামনা করছে না, কেউ প্রতিশোধের ডাক দিচ্ছে না, বরং সবাই বলছে, ‘দেশকে নতুন করে গড়তে হবে।’ এমন ঘটনা বাংলাদেশে এর আগে ঘটেনি। ১৯৭১ সালে এদেশের মানুষ যুদ্ধ করেছিল মুক্তির জন্য, ২০২৪ সালে মানুষ লড়েছে মানবিকতা পুনরুদ্ধারের জন্য।
৫ আগস্টের ভোর তাই ছিল আলো ও বিবেকের অভ্যুত্থান। এখানে কোনো সেনা ট্যাংক ছিল না, কোনো রাজনৈতিক ষড়যন্ত্র ছিল না, ছিল কেবল মানুষের চেতনার ‘সুনামি’ (Tsunami)। এ অভ্যুত্থান আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে, অহিংসতার শক্তি। যারা রাজনীতি করে তারা প্রায়ই ভাবে, পরিবর্তন মানেই সহিংসতা। কিন্তু এ আন্দোলন দেখিয়েছে, প্রকৃত পরিবর্তন ঘটে যখন মানুষ নিজের বিবেককে জাগিয়ে তোলে। পুলিশ যখন গুলি চালাতে অস্বীকার করেছে, অনেক জায়গায় সাধারণ মানুষ যখন আহত পুলিশকে হাসপাতালে নিয়ে গেছে, তখন প্রমাণ হয়েছে, এ বিপ্লবের শেকড় নৈতিকতার মাটিতে।
অবশ্যই, সেই ভোরে আনন্দের সঙ্গে ভয়ও মিশ্রিত ছিল। রাষ্ট্রের শূন্যতায় মানুষ উদ্বিগ্নও ছিল। কী হবে এখন? কে নেতৃত্ব দেবে? কিন্তু আশ্চর্যের বিষয় হলো, জনতা তখনো শান্ত ছিল। তারা বুঝেছিল, এখন প্রতিশোধ নয়, দায়িত্বের সময়। সেই মুহূর্তে ইতিহাসে এসবই এক বিরল ঘটনা। ক্ষুব্ধ রুষ্ট জনগণ নিজের রাগ সংযত করেছে রাষ্ট্র পুনর্গঠনের আশায়। সেই থেকেই শুরু হয় আত্মসমালোচনার সময়। আমরা প্রশ্ন করতে শুরু করি, এ অবস্থা কি কেবল এক সরকারের দোষে এসেছে, নাকি আমাদের সামাজিক নৈতিকতারও ব্যর্থতা ছিল? আমরা কীভাবে এমন সমাজ তৈরি করেছি, যেখানে অন্যায়কে মেনে নেওয়া যেন এক রকমের অভ্যাসে পরিণত হয়েছিল?
৫ আগস্টের ঘটনা তাই কেবল একটি শাসকের পতন নয়, এটি ছিল আমাদের নিজেদের ভেতরকার দানবকে চিনে ফেলার সুযোগ। যে দানব অহংকারে, ভয়ে বা সুবিধার মোহে অন্যায়ের পাশে দাঁড়ায়, সেই দানবকে প্রতিটি মানুষকেই পরাস্ত করতে হয়। এ দিনটি তাই কেবল রাজনৈতিক নয়, আধ্যাত্মিকও। এটি যেন মানুষের অন্তর পরিবর্তনের দিন। ভবিষ্যতের ইতিহাসে ৫ আগস্টকে কেবল একটি তারিখ হিসেবে নয়, একটি নৈতিক পুনর্জন্ম দিবস হিসেবে স্মরণ করা উচিত। এদিনে মানুষ শিখেছে, রাষ্ট্র কেবল সংবিধান বা ক্ষমতার খেলা নয়, রাষ্ট্র হচ্ছে মানুষের বিবেকের সম্প্রসারিত রূপ। যে রাষ্ট্রে জনগণ নিজেরা প্রশ্ন করতে পারে, নেতৃত্বকে জবাবদিহি করাতে পারে এবং ন্যায়ের পক্ষে দাঁড়াতে পারে, সেই রাষ্ট্রই প্রকৃত স্বাধীন। ৫ আগস্টের অভ্যুত্থান তাই কোনো শেষ ধাপ নয়, এটি শুরুর একটি ধাপ। এক দীর্ঘ অভিযাত্রার শুরু, যেখানে আমাদের প্রত্যেককে নতুন মানুষ হয়ে উঠতে হবে, নৈতিকতার নতুন কোষে জন্ম নিতে হবে। সেই দিনের একটি অসামান্য দৃশ্য, সূর্য তখন উঠছে, রাস্তায় ধুলো উড়ছে, কিছু তরুণ পুলিশকে পানি দিচ্ছে, একজন বৃদ্ধ বলছেন, ‘বাবারা, আর যেন কোনোদিন রক্ত না ঝরে’। আমরা মনে করি, এ বাক্যটাই সেই দিনের সারমর্ম যে, আমরা অন্যায়ের বিরুদ্ধে জয়ী হয়েছি, এখন আমাদের মানবিকতার পক্ষে, সব মানবতাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে জয়ী হতে হবে।
লেখক: অবসরপ্রাপ্ত অধ্যাপক, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং
ব্রিসবেন, অস্ট্রেলিয়া
[email protected]