আমাদের দেশে শব্দদূষণ একটি প্রধান সমস্যা। আমরা প্রত্যেকেই প্রতিনিয়ত এ সমস্যার সম্মুখীন হই। যানবাহনের অতিরিক্ত হর্ন, নির্মাণকাজের শব্দ, উচ্চ শব্দে গানবাজনা, মাইকিং, আতশবাজি, লোকজনের হইচই প্রভৃতি কারণে শব্দদূষণ ঘটে। শব্দদূষণের ফলে শ্রবণশক্তি হ্রাস, উচ্চ রক্তচাপ, ঘুমের ব্যাঘাত, দুশ্চিন্তা, মানসিক চাপ প্রভৃতি সমস্যার সৃষ্টি হয়। শব্দদূষণে শিশু ও বয়স্করা বেশি ঝুঁকিতে থাকে। এর ফলে পশুপাখিরও ব্যাপক ক্ষতি হয়ে থাকে, যা বাস্তুতন্ত্রে নেতিবাচক প্রভাব ফেলে। আবাসিক এলাকা, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল প্রভৃতি স্থানে শব্দদূষণের ক্ষতি বেশি। শব্দদূষণ রোধে জনসচেতনতার পাশাপাশি কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। যানবাহনে নির্ধারিত শব্দ মাত্রার হর্ন ব্যবহার করতে হবে। নির্ধারিত এলাকায় উচ্চৈশব্দে গানবাজনা নিষিদ্ধ করতে হবে। গভীর রাতে সব ধরনের অযাচিত শব্দ সৃষ্টিকারী কাজ বন্ধ রাখতে হবে। শব্দ নিয়ন্ত্রণ বিধিমালা অনুযায়ী এ ব্যাপারে আইনের সঠিক প্রয়োগ ঘটাতে হবে।
মো. জাহিদ হাসান
শিক্ষার্থী, বাংলা বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
[email protected]