আমাদের দেশে বিশ্ববিদ্যালয় ডিগ্রিধারী শিক্ষার্থী বাড়ার সঙ্গে সঙ্গে বেকারত্বও বৃদ্ধি পাচ্ছে। দেশে প্রতি বছর বহু শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় স্নাতক ডিগ্রি অর্জন করছে। এর তুলনায় চাকরি পাচ্ছে খুবই অল্প সংখ্যক শিক্ষার্থী। প্রথমত, এর মূল কারণ হিসেবে লক্ষ করা যায়, শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞান অর্জনের ব্যস্ততা। তাছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গবেষণার সুযোগ না থাকায় ব্যবহারিক কোনো কাজে শিক্ষার্থীরা জ্ঞানার্জন করতে পারে না। ফলে বাস্তবজীবনে সমস্যা সমাধান তাদের জন্য কঠিন হয়ে পড়ে।
দ্বিতীয়ত, দেশে মেধাবী এবং দক্ষ শিক্ষার্থী থাকলেও কর্মসংস্থানের সুযোগ স্বল্প। ফলে শিক্ষার্থীরা বিদেশমুখী হয়ে পড়ে। মেধাবী শিক্ষার্থী রাষ্ট্রের সম্পদ। মেধাবী শিক্ষার্থী দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমালে তা দেশের জন্য কতটুকু মঙ্গলজনক? তাছাড়া দেশে মেধাবী শিক্ষার্থীদের বেকারত্বে জীবন কাটানোর আর একটি কারণ হলো কর্মসংস্থানে দুর্নীতি এবং স্বজনপ্রীতি। মাঝে মাঝে এসব দুর্নীতির ফলে দেশ ক্ষতিগ্রস্ত হয় এবং যোগ্যপ্রার্থীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হয়। যদিও বর্তমান সময়ে বেকারত্বের সংকট এড়াতে সরকারি বিভিন্ন পদক্ষপ গ্রহণ করা হয়েছে। এ ক্ষেত্রে নাগরিক হিসেবে আমরাও কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করতে পারি। যেমন- নিজ নিজ অবস্থান থেকে উদ্যোক্তা তৈরি করতে পারি। তথাকথিত সরকারি চাকরির পেছনে না ছুটে যুবসমাজকে সম্মানজনক যেকোনো পেশা গ্রহণ করতে উৎসাহিত করতে পারি। পাশাপাশি কর্মপ্রতিষ্ঠানে দুর্নীতি এড়াতে সমাজের সবাইকে সচেতন করতে পারি। এতে দুর্নীতি অনেকাংশই কমে আসবে। বেকারত্ব নির্মূল শুধু রাষ্ট্রের একার দায়িত্ব নয়, দেশের নাগরিক হিসেবে আমাদেরও সরকারের পাশে থেকে কাজ করতে হবে।
তামিম নূরানী প্রেমা
ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
[email protected]