বর্তমানে টিসিবির নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ কার্যক্রমে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। নিম্নআয়ের মানুষের জন্য সরকারের এই উদ্যোগ থাকলেও বাস্তবে অনেক অসাধু ডিলার ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির কারণে প্রকৃত উপকারভোগীরা বঞ্চিত হচ্ছেন। দেখা যায়, ভালোমানের পণ্য গোপনে সরিয়ে নিম্নমানের বা খারাপ পণ্য সাধারণ মানুষের কাছে দেওয়া হচ্ছে। আবার অনেক ক্ষেত্রে ডিলাররা নিজেদের আত্মীয়স্বজন, পরিচিত ব্যক্তি কিংবা প্রভাবশালীদের কাছে আগে থেকেই পণ্য সরবরাহ করে রাখে। ফলে সাধারণ মানুষ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত পণ্য পায় না। এ ছাড়া টিসিবির পণ্যের ওজনে কম দেওয়া, অতিরিক্ত দাম আদায়, লাইনে বিশৃঙ্খলা সৃষ্টি, নারী ও বয়স্ক মানুষের দুর্ভোগ এবং কার্ডধারীদের হয়রানির মতো ঘটনাও প্রায়ই ঘটে। পর্যাপ্ত তদারকির অভাবে এসব অনিয়ম দিনের পর দিন চলছে। টিসিবির পণ্য বিতরণে কঠোর নজরদারি নিশ্চিত করা, দুর্নীতিবাজ ডিলারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া এবং প্রকৃত নিম্নআয়ের মানুষ যেন ন্যায্যমূল্যে পণ্য পায় তা নিশ্চিত করা আমাদের সবার দাবি।
নুশরাত জাহান অনন্যা
শিক্ষার্থী, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
[email protected]