পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়-ভীতি দ্বারা, কখনো ক্ষুধা দ্বারা, কখনো জীবন-সম্পদ ও ফল-ফসলের ক্ষতি দ্বারা। সুসংবাদ শোনাও তাদের, যারা এসব অবস্থায় সবরের পরিচয় দেয়।’ (সুরা বাকারা, আয়াত: ১৫৫)
বিপদ আসলে মানুষ কী করবে, সেই শিক্ষাও আল্লাহতায়ালা কোরআন মাজিদে দিয়েছেন। আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই যারা বিপদকালে বলে থাকে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন (আমরা আল্লাহরই আর আমরা তাঁরই দিকে প্রত্যাবর্তনকারী)।’ (সুরা বাকারা, আয়াত: ১৫৬)
আমাদের জীবনে বিপদ আসবেই, আর সেই বিপদ এলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হবে। এটা কোরআনের কথা।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে মুসলিম কোনো বিপদে আক্রান্ত হয়ে আল্লাহর নির্দেশিত দোয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে, এরপর বলবে ‘আল্লাহুম্মা আজুরনি ফি মুছিবাতি ওয়াখলুফলি খয়রম মিনহুমা’ আল্লাহ অবশ্যই ওই বিপদের তুলনায় তাকে উত্তম প্রতিদান দেবেন।’ (মুসলিম, হাদিস: ৯১৮)
আরও পড়ুন: গোসলের আগে মৃতব্যক্তির শরীর চাদর দিয়ে ঢাকতে হবে?
এই হাদিসের যিনি রাবি বা বর্ণনাকারী, তার বিষয়টি বেশ আশ্চর্যের। উম্মে সালামা (রা.) এই হাদিসটি বর্ণনা করেছেন। তার স্বামী ছিলেন আবু সালামা (রা.)। তিনি ইন্তেকাল করলে আল্লাহুর রাসুল (সা.) উম্মে সালামাকে হাদিসটা শোনান এবং এই দোয়ার আমল করতে। উম্মে সালামার ধারণা ছিল, তার স্বামীর চেয়ে উত্তম কোনো স্বামী হতেই পারে না। সুতরাং এ দোয়া পড়ে লাভ কী? তবু রাসুলের কথা, তিনি আমল করলেন। দোয়াটি পড়লেন। ফলে আল্লাহ উম্মে সালামাকে প্রতিদান দিয়েছেন, মহা এক প্রতিদান। যা তার কল্পনাতেও ছিল না। তিনি রাসুলুল্লাহ (সা.)-এর স্ত্রী হওয়ার গৌরব অর্জন করেন। বিপদ এলে ধৈর্য ধরতে হবে। চিন্তিত হব না। উল্লিখিত দোয়া পড়তে হবে।
লেখক: শিক্ষক, মাদরাসাতুল হেরা, ঢাকা