মুসলমান যখন কোরআন পড়ে এবং হুদ (আ.)-এর কাহিনি পড়ে এগিয়ে যায়, তখন কি সে ভাবে হুদ (আ.) আসলে কোথায় জীবনযাপন করেছিলেন? লুত (আ.) কোন জনপদে থাকতেন? ইবরাহিম (আ.) কোন কোন জায়গায় থেকেছেন? আসহাবুল উখদুদের কাহিনি কোথায় ঘটেছিল? কাহাফবাসীদের গুহাটি বর্তমানে কোথায় অবস্থিত? সাবিয়িগোষ্ঠীর কোথায় আবাস ছিল? তাদের কি কোনো উত্তরপ্রজন্ম আছে? যারা কোরআনে আলোচিত ব্যক্তি, জাতি ও ঐতিহাসিক স্থানসমূহ সম্পর্কে জানতে চায়, বর্তমান পৃথিবীর কোথায় সেগুলো অবস্থিত তা জানতে চায়, তাদের জন্য উৎকৃষ্ট গাইডলাইন আল কুরআনের মানচিত্র বইটি।
বইটিতে কোরআনে বর্ণিত বিভিন্ন ব্যক্তি, জাতি ও প্রাচীন জনপদের পরিচয় এবং বিভিন্ন সুরা-আয়াত নাজিলের ঐতিহাসিক প্রেক্ষাপট মানচিত্রের সাহায্যে তুলে ধরা হয়েছে। এর ফলে ওইসব জাতি ও জনপদের বর্ণনা দারুণ ঐতিহাসিকতা লাভ করেছে। এ বিবেচনায়ও গ্রন্থটির গুরুত্ব অতুলনীয়। কোরআনে বর্ণিত পূর্ববর্তী জাতিগুলোর আচরণ, নীতি-নৈতিকতা, তাদের ওপর আল্লাহর রহমত-বরকত, কঠোরতা এবং তাদের ওপর আল্লাহর আজাবের ভয়াবহ পরিণতি পাঠের সঙ্গে সঙ্গে মানচিত্রের সাহায্যে সে বিষয়গুলো জানা যাবে এ বইয়ের মাধ্যমে।
আরও পড়ুন: জান্নাতের সুসংবাদপ্রাপ্ত নারী সাহাবিদের জীবনীর অনন্য বই
বইটি কোরআন কারিমের ঐতিহাসিক সারনির্যাস। এতে কিছু রঙিন ছবি ও জরুরি ব্যাখ্যা সংযুক্ত করে সমৃদ্ধিতে নতুন মাত্রা যোগ করা হয়েছে। তা ছাড়াও প্রত্যেক নবির আলোচনায় কোরআনে তাদের নামোল্লেখের পরিসংখ্যান দেওয়া হয়েছে। বিষয়সংশ্লিষ্ট আয়াতগুলো সূক্ষ্মভাবে বাছাই করা হয়েছে। পাঠক যেন জায়গাগুলো সঠিকভাবে চিনতে পারে, সে জন্য কিছু গুরুত্বপূর্ণ আর আধুনিক শহর ও সাগরকে আধুনিক মানচিত্র পদ্ধতিতে বর্ণনা করা হয়েছে। এতে করে পাঠকরা তখনকার সীমানা সম্পর্কে ধারণা পাওয়ার পাশাপাশি আজকের ভৌগোলিক সীমারেখা সম্পর্কেও সম্যক অবগত হবেন।
যারা কোরআন অধ্যয়ন করেন, অনুসন্ধিৎসু মন নিয়ে কোরআনকে হৃদয়ঙ্গম করার চেষ্টা করেন এবং কোরআন নিয়ে নতুন নতুন গবেষণায় ব্রতী হন- তাদের জন্য অসাধারণ কাজে দেবে বইটি। বইটি লিখেছেন ড. শাওকি আবু খলিল। অনুবাদ করেছেন মুহাম্মাদ হাবীবুল্লাহ। বইটি প্রকাশ করেছে মাকতাবাতুল খিদমাহ। ৩৯০ পৃষ্ঠার বইটির মুদ্রিত মূল্য ৮০০ টাকা। দেশের অভিজাত সব লাইব্রেরিসহ বিভিন্ন অনলাইন বুকশপে বইটি পাওয়া যায়। সরাসরি মাকতাবাতুল খিদমাহ থেকে বইটি কিনতে ভিজিট করুন ফেসবুক পেজে।
বই: আল কুরআনের মানচিত্র
লেখক: ড. শাওকি আবু খলিল
অনুবাদক: মুহাম্মাদ হাবীবুল্লাহ
প্রকাশক: মাকতাবাতুল খিদমাহ
পৃষ্ঠা সংখ্যা: ৩৯০
মুদ্রিত মূল্য: ৮০০ টাকা/-
মোবাইল: ০১৮৯০-৩৮৬৪৮৮
লেখক: আলেম ও সাংবাদিক