প্রথমদিন শ্রীলঙ্কাকে ২৮০ রানে অলআউট করে দিয়ে আশা জাগিয়েছিল বাংলাদেশ লিড নেওয়ার। কিন্তু প্রথম দিনের শেষ বিকালেই সেই আশা ফিকে হতে শুরু করে ৩২ রানে ৩ উইকেট হারিয়ে স্বাগতিকরা দিনের খেলা শেষ করলে।
দ্বিতীয় দিনেও ব্যর্থ হয়েছেন বাকি ব্যাটাররা। একে একে ফিরেছেন জয়, দিপু, লিটন। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত বাংলাদেশের মূল ভরসার নাম ছিলেন প্রথম দিনের শেষ বিকালে নাইটওয়াচম্যান হিসেবে মাঠে নামা তাইজুল ইসলাম। ৭১ বলে ৪১ রানে অপরাজিত থেকে তিনি গিয়েছিলেন মধ্যাহ্ন বিরতিতে।
ততক্ষণে ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। এবার মন ভেঙেছে তাইজুলের ব্যাটে ভরসা খুঁজতে থাকা বাংলাদেশের সমর্থকদের। ফিফটি থেকে ৩ রান দূরে থাকতেই ৪৭ রান করে উইকেটকিপার কুশল মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন দলীয় ১৪০ রানে।
কসুন রাজিথার ফুল লেন্থের ডেলিভারি ড্রাইভ করতে গিয়ে কিপারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন তিনি। তার ৪৭ রানের ইনিংসটিতে ছিল ৬টি চারের মার। তার বিদায়ে ৭ উইকেট হারিয়েছে বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪৬ রান করেছে বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে। মেহেদি হাসান মিরাজ ১০ ও শরিফুল ইসলাম এখনও রানের খাতা খুলতে পারেননি।