ছবি: সংগৃহীত
কেবল টুর্নামেন্টে দলের সংখ্যা বাড়াতে হাইতি বিশ্বকাপে আসেনি। বরং নিজেদের ইতিহাসে প্রথম জয় তুলে নিয়ে পরবর্তী রাউন্ডে যাওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে তারা। শুক্রবার (১২ জুন) সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন হাইতির কোচ সেবাস্তিয়ান মিগনে।
কোচ মিগনের মনে আত্মবিশ্বাস থাকলেও ‘সি’ গ্রুপে শক্তির বিচারে হাইতি বেশ পিছিয়ে। আগামীকাল (১৩ জুন) বোস্টনে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে তাদের বিশ্বকাপ অভিযান। বাংলাদেশ সময় সকাল ৭টায় মুখোমুখি হবে দুই দল।
গ্রুপে হাইতির অপর দুই প্রতিপক্ষ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো। তবে প্রতিপক্ষ নিয়ে খুব একটা ভাবছেন না মিগনে। তার সাফ কথা, জিততে হলে প্রতিপক্ষের চেয়ে বেশি গোল করতে হবে, এটাই ফুটবলের মূল সমীকরণ।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কোচ বলেন, ‘আমি আশা করি আমরা এই টুর্নামেন্টের অন্যতম বড় চমক হতে পারব। ফুটবল মূলত একটি খেলা, যেখানে দিনশেষে একজন হারে আর একজন জেতে। আমরা যদি ম্যাচ জিততে চাই, তবে সামনে কে আছে তা না ভেবে আমাদের গোল করতে হবে।’
১৯৭৪ সালের পর এবারই প্রথম বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশ হাইতি, যারা ‘দ্য গ্রেনাডিয়ার্স’ নামেও পরিচিত। সেবার গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই হেরেছিল তারা। চলতি আসরে অংশ নেওয়া দলগুলোর মধ্যে নিউজিল্যান্ডের পর হাইতিই র্যাঙ্কিংয়ে (৮৩) সবচেয়ে পিছিয়ে থাকা দল।
পুরোনো ইতিহাস টেনে মিগনে বলেন, ‘১৯৭৪ সালে আমরা বিশ্বকাপে প্রথম গোল করার স্বাদ পেয়েছিলাম, কিন্তু সেটা ছিল আজ থেকে ৫২ বছর আগের কথা। আজকের প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা। ৫২ বছর পর আমরা আবার বিশ্বকাপে জায়গা করে নিয়েছি। এবার আমাদের লক্ষ্য পরবর্তী রাউন্ড নিশ্চিত করার জন্য গোল করা এবং ম্যাচ জেতা।’
শনিবার স্কটল্যান্ডের মুখোমুখি হওয়ার পর আগামী সপ্তাহে ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামবে হাইতি। আর ২৪ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে মরক্কোর।
পাপ্পু/অনিক/