অবিশ্বাস্য হলেও সত্যি! লিওনেল মেসি টানা পাঁচ ম্যাচে করলেন জোড়া গোল। সবশেষ নিউ ইংল্যান্ড রেভ্যুলুশনের বিপক্ষে ম্যাচেই যা হয়েছিল মেজর লিগ সকারের (এমএলএস) রেকর্ড। সে ম্যাচে ২-১ ব্যবধানে জয়ে জোড়া গোল করে এমএলএসের ইতিহাসে চার ম্যাচে টানা জোড়া গোলের কীর্তিতে একমাত্র খেলোয়াড় বনে যান মেসি।
নিজের সেই রেকর্ডটাই এবার ভেঙে দিলেন মেসি। তিন দিনের ব্যবধানে গড়লেন নতুন রেকর্ড। এবার ন্যাশভিলের বিপক্ষেও ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে দুটি গোলই করলেন তিনি মায়ামির হয়ে। আর তাতেই হয়ে গেছে টানা ৫ ম্যাচে জোড়া গোলের রেকর্ড।
রবিবার (১৩ জুলাই) ফোর্ড লডারডেলের চেজ স্টেডিয়ামে মেসির টানা পঞ্চম জোড়া গোলের ম্যাচে ইন্টার মায়ামি ম্যাচ জিতেছে ২-১ গোলে।
ন্যাশভিলের বিপক্ষে জোড়া গোলের আগে তিনি জোড়া গোলের ধারাবাহিকতা শুরু করেন মন্ট্রিয়লের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর এর ধারাবাহিকতা বজায় রাখেন কলম্বাস ফের মন্ট্রিয়ল এবং নিউ ইংল্যান্ড রেভ্যুলুশনের বিপক্ষে।
যেখানে টানা ৪ ম্যাচে কারোই ছিল না জোড়া গোলের কীর্তি, সেটি মেসি গড়েন নিউ ইংল্যান্ড রেভ্যুলুশনের বিপক্ষে। সেটিকেই আজ টপকে গেলেন খোদ মেসি নিজেই। অনন্য উচ্চতায় তুললেন নিজের কীর্তিকেই।
দুটি গোলের প্রথমটি করেছেন ম্যাচের ১৭ মিনিটে ফ্রি কিক থেকে। মানবদেয়ালের মাঝ দিয়ে নীচু শটে বল জালে জড়ান মেসি। এটি মেসির ৬৯তম ফ্রি কিক গোল। ফলে তিনি এখন চতুর্থ সর্বোচ্চ গোলের মালিক ফ্রি কিকে। পেছনে ফেলেছেন ৬৮ ফ্রি কিক গোলের মালিক ব্রাজিলের আসুনসিওকে।
পরে দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে আরও একটি গোল আসে মেসির পা থেকে। সেটি অবশ্য প্রতিপক্ষের গোলকিপারের উপহার বললেও ভুল হবে না মোটেও। ন্যাশভিল গোলকিপার জো উইলিস এক সতীর্থের ব্যাক পাস থেকে বল পাওয়ার পর তালগোল পাকিয়ে বল তুলে দেন কাছেই দাঁড়িয়ে থাকা মেসির পায়ে। এমন সুযোগ কি তিনি মিস করেন। সহজেই জড়িয়েছেন জালে।
মেসির রেকর্ড ও জাদুতে মায়ামি জিতলেও ৪৯ মিনিটে একটি গোল শোধ করে ন্যাশভিলকে ম্যাচে সমতায় ফিরিয়েছিলেন হ্যানি মুখতার।
লিগে টানা ছয় ম্যাচ অপরাজিত থাকা মায়ামি এখন ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে ৫ নম্বরে আছে। ৩ ম্যাচ বেশি খেলে ৩ পয়েন্ট বেশি নিয়ে তিন নম্বরে ন্যাশভিল। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট ২২ ম্যাচে ৪৩।