চলতি মাসের শুরুতে নিকাক্সাওয়ের বিপক্ষে চোটে পড়ে মাঠ ছাড়েন মেসি। সপ্তাহ দুয়েক মাঠের বাইরে থাকার পর ফিরেছিলেন লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির বিপক্ষে ম্যাচ দিয়ে। কিন্তু আজ (২১ আগস্ট) ফের মাঠের বাইরে মেসি অস্বস্তি অনুভব করায়।
লিগস কাপের কোয়ার্টার ফাইনালে মেসিকে ছাড়াই মাঠে নেমে ঠিকই জয় আদায় করে নিয়েছে ইন্টার মায়ামি। মেসি ছিলেন না বেঞ্চেও। তিগ্রেস ইউএনএল- এর বিপক্ষে মেসির বন্ধু লুইস সুয়ারেজের পেনাল্টি থেকে করা জোড়া গোলে ২-১ গোলে জিতেছে মায়ামি।
ম্যাচের ২০ মিনিটে হাভিয়ের অ্যাকুইনো একটি ক্রস ক্লিয়ার করতে গিয়ে স্লাইড করেন এবং বলটি গিয়ে লাগে তার হাতে। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে পেনাল্টি পেয়ে যায় মায়ামি। ২৩ মিনিটে লুইস সুয়ারেজ সফল স্পটকিক থেকে জাল খুঁজে নিলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।
প্রথমার্ধের খেলা শেষ হয় ১-০ ব্যবধানে মায়ামি এগিয়ে থেকেই। দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে ম্যাচে সমতা ফেরায় তিগ্রেস। মেক্সিকান ক্লাবটির হয়ে গোল করেন অ্যাঞ্জেল কোরেয়া।
ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গিয়ে ৮৭ মিনিটে সেই অ্যাকুইনো ফের হ্যান্ডবল করে পেনাল্টি উপহার দেন মায়ামিকে। এবারও শট নেন সুয়ারেজ। প্রথম শটের মতো একইরকম শট নিয়ে জাল খুঁজে নিয়ে নিজের ও দলের দ্বিতীয় গোল সম্পন্ন করেন সুয়ারেজ।
ফলে ২-১ ব্যবধানে জিতেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে মায়ামি।
নিলয়/