এশিয়া কাপে টিকে থাকতে জয়ের বিকল্প নেই বাংলাদেশ দলের। তবে কেবল জিতলেই হবে না, নেট রানরেট ঠিক রেখে জয় পেতে হবে। এমন ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচটি শুরু হবে রাত ৮টা ৩০ মিনিটে।
দুই দলই হংকংয়ের বিপক্ষে জয় দিয়ে শুরু করেছে। বাংলাদেশ মাঝে শ্রীলঙ্কার কাছে বাজেভাবে হেরে নেট রানরেটে পিছিয়ে গেছে। তাই শুধুই জিতলেই চলবে না। আবার নেট রানরেটে জিতলেই হবে না। আফগানিস্তানকে হারতে হবে শ্রীলঙ্কার বিপক্ষে। হংকংয়ের বিপক্ষে ধীরগতির জয়টাও ক্ষতির কারণ হয়েছে বাংলাদেশের জন্য।
টস জিতে বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস বলেন, ‘আমরা আগে ব্যাটিং করবো। সবাই এই ম্যাচের জন্য খুবই উদগ্রীব হয়ে আছে, এটা আমাদের জন্য জিততেই হবে এমন একটা ম্যাচ। উইকেটটা একটু ধীর গতির মনে হচ্ছে, ১৬০ রান একটা ভালো স্কোর হবে। এটা মোটামুটি ভালো ব্যাটিং পিচ, তবে একটু স্লো। দলের অবস্থা ভালো, গত কয়েক মাস আমাদের জন্য ভালো কেটেছে। আগের ম্যাচ নিয়ে খুব বেশি ভাবলে চলবে না। আমরা চারটি পরিবর্তন এনেছি - তাসকিন দলে ফিরেছে। আমরা তিনজন স্পিনার এবং দুইজন পেসার খেলাচ্ছি।’
আফগানিস্তান অধিনায়ক রশিদ খান বলেন, ‘আমরাও টস জিতে ব্যাটিংই করতে চেয়েছিলাম, তবে টি-টোয়েন্টি ফরম্যাটে এসব বিষয় খুব একটা বড় প্রভাব ফেলে না। ছেলেরা তিনদিনের একটা ভালো বিশ্রাম পেয়েছে এবং আমরা একটি কার্যকর অনুশীলন সেশনও করতে পেরেছি। আমাদের শক্তির জায়গা আমাদের বোলিং ইউনিট, বিশেষ করে স্পিন বিভাগ। তবে তবুও আমাদের সম্মিলিতভাবে ভালো বল করতে হবে এবং ধারাবাহিকভাবে সঠিক জায়গায় বল রাখতে হবে। ইতিবাচক মানসিকতা নিয়ে মাঠে নামাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শারীরিকভাবে নিজেকে ভালো লাগছে, খেলাটা উপভোগ করার অপেক্ষায় আছি। আমরা হংকংয়ের বিপক্ষে খেলা একই দল নিয়ে নামছি।’
শ্রীলঙ্কার বিপক্ষে একাদশ থেকে বাদ পড়েছেন পারভেজ হোসেন ইমন, শেখ মাহেদী হাসান, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম। একাদশে ফিরেছেন সাইফ হাসান, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ।
বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
আফগানিস্তান একাদশ
রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সাদিকউল্লাহ অটল, করিম জানাত, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান (অধিনায়ক), মোহাম্মদ নবি, গুলবদিন নাইব, নূর আহমেদ, ফজলহক ফারুকি ও এএম গাজানফার।
নিলয়/