জয় দিয়ে শুরু করেছিল বাংলাদেশের যুবারা। বৃষ্টিতে দ্বিতীয় ম্যাচ পন্ড। এরপর টানা দুই জয়ে সিরিজে এগিয়ে গিয়েছিল আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। পাঁচ ম্যাচের সিরিজ বাঁচাতে শেষ ম্যাচে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের। সেই গুরুত্বপূর্ণ ম্যাচে অধিনায়ক আজিজুল হাকিম খেললেন অনবদ্য এক ইনিংস। তার দারুণ সেঞ্চুরিতে শেষ পর্যন্ত ২ উইকেটের জয় পেয়ে সিরিজ ২-২ সমতায় শেষ করল বাংলাদেশ।
রবিবার (৯ নভেম্বর) রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে আফগানিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে তোলে ২০৮ রান। জবাবে বাংলাদেশ লক্ষ্যে পৌঁছে যায় ২৫ ও ২ উইকেট হাতে রেখেই।
ছোট লক্ষ্য হলেও শুরুটা ছিল নড়বড়ে। ওপেনার শাহরিয়ার আহমেদ মাত্র ৩ রান করে ফিরলে ২০ রানের মধ্যেই ভাঙে উদ্বোধনী জুটি। তিন নম্বরে নেমে কিছুটা প্রতিরোধ গড়লেও কালাম সিদ্দিকি অ্যালেন ২৫ বলে ১৫ রান করে ফেরেন।
৪১ রানে ২ উইকেট হারানোর পর দলকে টেনে তোলেন অধিনায়ক আজিজুল ও রিজান। তৃতীয় উইকেটে দুজনে যোগ করেন ৪৪ রান। কিন্তু ২৭ রানে রিজান ও ১ রানে আবদুল্লাহ আউট হলে একশর আগেই চাপে পড়ে বাংলাদেশ।
এরপর ফরিদ হাসানকে সঙ্গে নিয়ে আজিজুল গড়েন ৫৪ রানের জুটি। ফরিদ ২৩ রানে আউট হলে কিছুক্ষণ পর দেবাশীষ দেবা ও সামিউন বশিরও দ্রুত বিদায় নেন। তবুও এক প্রান্ত আগলে রেখে অবিচল ছিলেন বাংলাদেশ অধিনায়ক। তার ব্যাটে এসেছিল নিখুঁত নেতৃত্বের ছাপ। ১১৮ বলে সাজানো ১০০ রানের ইনিংসটি শেষ হয় যখন জয় থেকে বাংলাদেশ মাত্র ২ রান দূরে। নতুন ব্যাটার স্বাধীন প্রথম বলেই চার মেরে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
এর আগে আফগানিস্তানের ইনিংসে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল ওসমান সাদাতের ব্যাটিং। তিনি খেলেন ৬৮ রানের ইনিংস। মাহবুব খান যোগ করেন আরও ৪০ রান। বাংলাদেশের হয়ে বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন বশির, যিনি নেন ২টি উইকেট।