বাংলাদেশ শেষ ম্যাচে জয় পেলেও সিরিজের শিরোপা ধরে রাখল নেপাল। আজ সোমবার জাতীয় স্টেডিয়ামে শেষ হয় বাংলাদেশ-নেপাল আন্তর্জাতিক রাগবি সিরিজ ২০২৫। বাংলাদেশ রাগবি ফেডারেশন (ইউনিয়ন)-এর সার্বিক ব্যবস্থাপনায়, এশিয়া রাগবির সহযোগিতায় এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্স পিএলসির পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই সিরিজের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিথিরা।
সকাল ১১টার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ক্রীড়া শাখা–১) সেলিম ফকির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপাল রাগবি দলের সাধারণ সম্পাদক গোবিন্দ গিমির। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সভাপতি আবদুল্লাহ আল জহির স্বপন।
তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হয় ঢাকা জাতীয় স্টেডিয়ামে। ১৫ সাইডের এই ম্যাচে বাংলাদেশ ২৫–১৭ পয়েন্টে নেপালকে পরাজিত করে। প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে ছিল ৮-৭ পয়েন্টে। ম্যাচে বাংলাদেশের পক্ষে আনোয়ার উজ জামান ১০ পয়েন্ট সংগ্রহ করেন। নেপালের হয়ে অনিল মাঝি একাই করেন ২০ পয়েন্ট।
তিন ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে আন্তর্জাতিক রাগবি সিরিজের শিরোপা জিতে নেয় নেপাল। সিরিজ সেরা খেলোয়াড় নির্বাচিত হন নেপাল রাগবির ৫ নম্বর জার্সিধারী অনিল মাঝি।
সিরিজের সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ রাগবি ফেডারেশন (ইউনিয়ন)। একই সঙ্গে ভবিষ্যতে আরও আন্তর্জাতিক রাগবি সিরিজ আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেছে সংস্থাটি।