টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের সঙ্গে সৃষ্ট বিতর্কের মধ্যে পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও বোর্ড কর্মকর্তারা পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) টুর্নামেন্টে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তাদের মতে, বাংলাদেশের অবস্থান সমর্থন করতে গিয়ে জাতীয় স্বার্থ ক্ষুণ্ন করা উচিত নয়।
পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি আপাতত পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত স্থগিত রেখেছেন। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি। ভারতীয় প্রিমিয়ার লিগের কলকাতা দলের চুক্তি থেকে মোস্তাফিজুর রহমানকে সরিয়ে দেওয়ার পর নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে বাংলাদেশ ভারতে খেলতে অস্বীকৃতি জানায়।
আইসিসির বোর্ড সভায় বাংলাদেশের নিরপেক্ষ ভেন্যুর দাবি সমর্থন করেছিল কেবল পাকিস্তানই। তবে বিদ্যমান হাইব্রিড মডেল অনুযায়ী পাকিস্তানের সব ম্যাচই অনুষ্ঠিত হওয়ার কথা শ্রীলঙ্কায়।
সাবেক পিসিবি সচিব আরিফ আলী আব্বাসি প্রশ্ন তুলেছেন, বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালে পাকিস্তানের কী লাভ হবে, বরং এতে আইসিসি ও অন্যান্য সদস্য বোর্ডের সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। সাবেক টেস্ট অধিনায়ক মোহাম্মদ হাফিজ ও সাবেক পিসিবি চেয়ারম্যান খালিদ মাহমুদও দলকে বিশ্বকাপে খেলার পক্ষে মত দিয়েছেন। মাহমুদের মতে, আইসিসি সভায় বাংলাদেশের দাবিকে আর কোনো বোর্ড সমর্থন করেনি।
সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক ও মোহাম্মদ ইউসুফ সতর্ক করে বলেছেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক বিবেচনায় নেওয়া উচিত। অন্যদিকে সাবেক প্রধান নির্বাচক হারুন রশিদ মনে করেন, পাকিস্তানের সরে দাঁড়ানোর মতো যথেষ্ট কারণ নেই।
অনিক/