মন্টে কার্লোর মাটিতে আবারও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন ইতালিয়ান তরুণ তারকা ইয়ান্নিক সিনার। শিরোপা জয়ের মধ্য দিয়ে দীর্ঘ বিরতির পর তিনি ফিরে পেলেন টেনিস বিশ্বের এক নাম্বার স্থান। গতকাল (১২ এপ্রিল) রাতে মন্টে কার্লোস মাস্টার্সের ফাইনালে তিনি ৭-৬(৭/৫), ৬-৩ সেটে হারান বর্তমান বিশ্বসেরা ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজকে।
বিশ্বের এক ও দুই নাম্বার খেলোয়াড়ের এই লড়াই ছিল গত নভেম্বরের এটিপি ফাইনালসের পর প্রথম সাক্ষাৎ। সেবারও জয় পেয়েছিলেন সিনার। মন্টে কার্লোর ফাইনালটি ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। বাতাসের প্রভাব ম্যাচে অনিশ্চয়তা বাড়িয়ে দেয়, ফলে দুই খেলোয়াড় মিলিয়ে করেন ৮৩টি আনফোর্সড এরর। তবুও বড় শট আর টানটান উত্তেজনায় ম্যাচটি ছিল দর্শকদের জন্য উপভোগ্য।
প্রথম সেটে শুরু থেকেই পাল্টাপাল্টি ব্রেক হলেও কেউই আধিপত্য বিস্তার করতে পারেননি। শেষ পর্যন্ত টাইব্রেকে নিজের সার্ভে উন্নতি এনে এগিয়ে যান সিনার। আলকারাজের একটি ডাবল ফল্ট তাকে সেট জেতার সুযোগ এনে দেয়। দ্বিতীয় সেটের শুরুটা ভালো হয়নি সিনারের। তবে ধীরে ধীরে ম্যাচে ফিরে আসেন তিনি এবং ৪-৩ ব্যবধানে এগিয়ে গিয়ে চাপ তৈরি করেন আলকারাজের ওপর।
স্প্যানিশ তারকার সার্ভিস গেমে দুর্বলতা কাজে লাগিয়ে শেষ পর্যন্ত আর ভুল করেননি সিনার। নিশ্চিত করেন নিজের ক্যারিয়ারের আরেকটি বড় জয়। ২৪ বছর বয়সি সিনারের জন্য এটি চলতি বছরে তৃতীয় মাস্টার্স ১০০০ শিরোপা। এর আগে তিনি জিতেছেন ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স এবং মায়ামি ওপের। এছাড়া মাস্টার্স সিরিজে টানা ২২ ম্যাচে অপরাজিত তিনি।
জয়ের পর সিনার বলেন, ‘ক্লে কোর্টে আবার খেলাটা শিখতে এই সপ্তাহটা দারুণ অভিজ্ঞতা ছিল। এখানে এসে যত বেশি সম্ভব ম্যাচ খেলতে চেয়েছিলাম। এই সারফেসে বড় টুর্নামেন্ট জেতায় আমি খুবই খুশি। এই ট্রফি এবং আবার এক নাম্বারে ফিরে আসা আমার জন্য অনেক বড় ব্যাপার। আজ (গতকাল) দুজনেই খুব উচ্চমানের টেনিস খেলেছি।’
অনিক/