কলকাতার আকাশরেখায় কয়েক মাস ধরেই এক দৃশ্য নজর কাড়ছিল সবার। বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরা লিওনেল মেসি, যেন শহরের ওপর দাঁড়িয়ে পাহারা দিচ্ছেন। সোনালি রঙের ২১ মিটার উঁচু সেই ভাস্কর্য শেষ পর্যন্ত হার মানল প্রকৃতির কাছে।
সোমবার কর্তৃপক্ষ ক্রেন ও দড়ির সাহায্যে খুলে ফেলেছে মেসির ৭০ ফুট উঁচু ভাস্কর্য। কারণ, স্থানীয়দের অভিযোগ ছিল বাতাসে সেটি বিপজ্জনকভাবে দুলছিল। নিরাপত্তার কথা বিবেচনা করে ভাস্কর্যটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন।
এ যেন এক অদ্ভুত প্রতীকী দৃশ্য। যে মেসি ফুটবল মাঠে বারবার অসম্ভবকে সম্ভব করেছেন, কোটি মানুষের স্বপ্নকে আকাশে তুলেছেন, সেই মেসিরই আকাশছোঁয়া ভাস্কর্যকে শেষ পর্যন্ত নিচে নামিয়ে আনল বাতাস।
গত ডিসেম্বরে মেসির বহুল আলোচিত ‘গোট ট্যুর অব ইন্ডিয়া’-র সময় উন্মোচন করা হয়েছিল সোনালি রঙের এই ভাস্কর্য। সেখানে বিশ্বকাপ ট্রফি হাতে দাঁড়িয়ে থাকা আর্জেন্টাইন মহাতারকাকে ফুটিয়ে তোলা হয়েছিল এমনভাবে, যেন তিনি এখনও কাতারের সেই মহিমান্বিত রাতের উদযাপনে মগ্ন।
প্রশাসন জানিয়েছে, আপাতত ভাস্কর্যটি একটি সরকারি গুদামে সংরক্ষণ করা হবে। পরে নতুন কোনো স্থানে এটি পুনঃস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তাই এটিকে হয়তো বিদায় বলা যাবে না। বরং বলা যায়, এটি সাময়িক বিরতি।
অনিক/