ছবি সম্পাদনার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)চালিত টুল ‘ন্যানো ব্যানানা’ এনে প্রযুক্তিবিশ্বে সাড়া ফেলেছে গুগল। এবার এই শক্তিশালী টুল নিজেদের জনপ্রিয় প্ল্যাটফর্ম সার্চ, নোটবুকএলএম ও ফটোসে যুক্ত করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এর ফলে ব্যবহারকারীরা আরও সহজে ও নতুন উপায়ে ছবি তৈরি ও সম্পাদনা করতে পারবেন।
এর মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন আসছে গুগলের নোটবুকএলএম সেবায়। এখানে ‘ন্যানো ব্যানানা’ ব্যবহার করে ‘ভিডিও ওভারভিউ’ ফিচারটি নতুনভাবে সাজানো হচ্ছে। ব্যবহারকারীরা এখন ওয়াটারকালার ও অ্যানিমের মতো ছয়টি নতুন শৈলীতে ভিডিও তৈরি করতে পারবেন। পাশাপাশি ব্যবহারকারীর দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে প্রাসঙ্গিক ছবিও তৈরি করে দেবে এই এআই। এ ছাড়া ‘ব্রিফস’ নামে ছোট আকারের ভিডিও তৈরির একটি নতুন অপশনও যুক্ত করা হয়েছে।
নোটবুকএলএমের ‘ভিডিও ওভারভিউ’ ফিচারটি যেকোনো ডকুমেন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে ব্যাখ্যামূলক ভিডিও তৈরি করতে পারে, যেখানে ভয়েসওভার ও ছবি যোগ করার সুযোগ রয়েছে। গুগল জানিয়েছে, এআইনির্ভর এই নতুন ফিচারগুলো চলতি সপ্তাহে ‘প্রো’ ব্যবহারকারীদের জন্য চালু হবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে সব ব্যবহারকারীর কাছে তা পৌঁছে দেওয়া হবে।
গুগল সার্চ অ্যাপেও যুক্ত হচ্ছে ‘ন্যানো ব্যানানা’। এর মাধ্যমে ব্যবহারকারীরা চ্যাটিংয়ের মতো করে নির্দেশনা (প্রম্পট) দিয়ে কোনো ছবির নতুন শৈল্পিক রূপ তৈরি করতে পারবেন। এ ছাড়া গুগল লেন্স দিয়ে সরাসরি ছবি তুলেও সেটি এই এআই টুলের মাধ্যমে সম্পাদনা করা যাবে। গুগল জানিয়েছে, আপাতত যুক্তরাষ্ট্রে ইংরেজি ভাষাভিত্তিক ব্যবহারকারীদের জন্য এই ফিচার চালু করা হচ্ছে। শিগগিরই অন্যান্য দেশ ও ভাষায় এটি উন্মুক্ত করা হবে।
অন্যদিকে, গুগল ফটোসে কীভাবে ‘ন্যানো ব্যানানা’ কাজ করবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি গুগল। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই প্ল্যাটফর্মেও টুলটি আনা হবে। শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’ যেহেতু গুগল ফটোস ছবি সংরক্ষণ ও ব্যবস্থাপনার একটি সেবা; তাই ধারণা করা হচ্ছে, এখানে সংরক্ষিত ছবিগুলো সরাসরি সম্পাদনার উন্নত সুবিধা দেবে ‘ন্যানো ব্যানানা’।