ফিলিপাইনে একটি রিসোর্টে ছুটি কাটাতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হলেন পাঁচ তরুণ। তারা একটি রিসোর্টে অবস্থানের সময় এর শৌচাগারের কমোডে দেখা মেলে এক বিষধর শঙ্খচূড় সাপের।
ঘটনাটির ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এবং নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে ফিলিপাইনের নর্দার্ন নেগ্রোস ন্যাচারাল পার্ক এলাকার সালভাদর বেনেডিক্টোর একটি রিসোর্টে।
সেখানে বেড়াতে যাওয়া পাঁচ বন্ধুর মধ্যে একজন শৌচাগার ব্যবহার করতে গিয়ে কমোডের ভেতরে অস্বাভাবিক কিছু নড়াচড়া লক্ষ্য করেন। পানির মধ্যে কালো রঙের কিছু দেখতে পেয়ে প্রথমে তিনি ধারণা করেছিলেন, হয়তো টয়লেটটি ঠিকমতো ফ্লাশ করা হয়নি। তবে আবার ফ্লাশ করার পর হঠাৎ করেই সেখান থেকে একটি সাপের মাথা বেরিয়ে আসে। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে উপস্থিত তরুণদের মধ্যে।
পরে একটি সরু গাছের ডাল দিয়ে সাপটিকে বের করার চেষ্টা করেন তারা। সেই সময় ধারণ করা ভিডিওতে দেখা যায়, কিছুক্ষণ পর সাপটি কমোড থেকে বেরিয়ে ফণা তুলে দাঁড়িয়ে পড়ে।
প্রথমে এটিকে নিরীহ সাপ মনে হলেও ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়ার পর সরীসৃপ বিশেষজ্ঞ ও সাপপ্রেমীরা জানান, এটি সম্ভবত কিং কোবরা বা শঙ্খচূড়- যা বিশ্বের অন্যতম দীর্ঘ ও মারাত্মক বিষধর সাপ।
Filipinas
— Contraste Politico (@ConPolTab) May 15, 2026
Un huésped de un hotel capturó el aterrador momento en que una cobra real emergió del inodoro de un resort en Don Salvador Benedicto, Filipinas. El huésped llamó al personal del resort para ayudar a capturar y retirar la serpiente venenosa. pic.twitter.com/woRUUiFxUw
ভিডিওটি ‘Contrast Politico’ নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়।
স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, সালভাদর বেনেডিক্টো এলাকায় আগেও শঙ্খচূড় দেখা যাওয়ার ঘটনা ঘটেছে।
রিসোর্টের সুপারিনটেনডেন্ট জিনা গেরাঙ্গায়া জানান, সাপটি হয়তো কোথাও বন্দিদশা থেকে পালিয়ে এসেছে।
রিসোর্ট কর্তৃপক্ষের ধারণা, সাম্প্রতিক তীব্র তাপপ্রবাহের কারণে শীতল আশ্রয়ের খোঁজে সাপটি শৌচাগারের পাইপলাইন দিয়ে কমোডে ঢুকে পড়তে পারে।
বিশেষজ্ঞরা এ ধরনের এলাকায় ভ্রমণের সময় শৌচাগার ব্যবহারের আগে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
অমিয়/