মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দায়িত্বগ্রহণের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে প্রথম দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বৈঠকে দুই পক্ষই ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী করার সংকল্প পুনর্ব্যক্ত করেছেন। বিশেষ করে প্রযুক্তি, প্রতিরক্ষা এবং জ্বালানি খাতে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের অভিবাসন ইস্যু নিয়েও আলোচনা হয়েছে। বিশেষ করে অবৈধ ভারতীয় অভিবাসী সম্পর্কে।
বুধবার (২২ জানুয়ারি) ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে বলে জানায় দ্য হিন্দুস্থান টাইমস।
বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর যুক্তরাস্ট্রে বসবাসকারী অবৈধ ভারতীয় অভিবাসীদের গ্রহণ করতে তার দেশ প্রস্তুত রয়েছে বলে নিশ্চিত করেছেন।
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মুক্ত এবং খোলামেলা পরিস্থিতি বজায় রাখার বিষয়ে কোয়াডের (ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও জাপান) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পরই মূলত জয়শঙ্কর ও রুবিওর মধ্যে বৈঠক হয়েছে।
জয়শঙ্কর রুবিওর সঙ্গে তার প্রথম দ্বিপাক্ষিক বৈঠক সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করেন এবং বলেন, ‘তারা দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন।’ তিনি রুবিওকে ভারতের প্রতি তার দৃঢ় সমর্থন প্রদানের জন্য প্রশংসা করেন। এ ছাড়া এখানে চীন ও পাকিস্তান সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।
বৈঠকের সময় উভয় পক্ষের মধ্যে সম্পর্কের উন্নতির সংকল্প স্পষ্ট হলেও রুবিও অবৈধ অভিবাসন ইস্যু উত্থাপন করেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর আনুমানিক ৭০ হাজার ভারতীয় নাগরিকের কথা বলেছে। যারা যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করছেন।
জয়শঙ্কর বলেন, ‘ভারত বৈধ অভিবাসনের পক্ষে এবং অবৈধ অভিবাসনের বিরোধিতা করে।’ তবে তিনি নিশ্চিত করেছেন, ‘ভারত তার নাগরিকদের ফিরিয়ে নেওয়ার জন্য প্রস্তুত।’
তিনি আরও জানান, প্রযুক্তি, প্রতিরক্ষা এবং জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু শক্তি নিয়ে আলোচনা হয়েছে এবং উভয় দেশ একসঙ্গে নতুন সুযোগ এবং চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে। সূত্র: দ্য হিন্দুস্থান টাইমস
তাওফিক/