গাজায় চলমান ইসরায়েলের বর্বর হামলা এবং গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন বাংলাদেশের সর্বস্তরের মানুষ। ‘মার্চ ফর গাজা' শিরোনামে বাংলাদেশিদের এই বিক্ষোভ নিয়ে খবর প্রকাশ করেছে ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।
রবিবার (১২ এপ্রিল) টাইমস অব ইসরায়েলের এই প্রতিবেদনে নেতানিয়াহুর ছবিতে জুতা পেটানোর বিষয়টির ওপর আলোকপাত করা হয়।
টাইমস অব ইসরায়েল এই খবরের শিরোনামে লেখা হয়, ‘বাংলাদেশে প্রায় এক লাখ মানুষের গাজা যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ, পিটিয়েছে নেতানিয়াহু ও তার মিত্রদের ছবি।’
একইদিন বাংলাদেশের এই বিক্ষোভ সমাবেশ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে এপি (এসোসিয়েট প্রেস)। এপি এই প্রতিবেদনের শিরোনামে লিখে, ‘বাংলাদেশের রাজধানীতে ইসরায়েলের বিরুদ্ধে প্রায় এক লাখ মানুষের র্যালি।’
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, হাজার হাজার বিক্ষোভকারী বাংলাদেশের রাজধানীতে গাজায় ইসরায়েলের হামলার নিন্দা জানাতে র্যালি নিয়ে রাস্তায় নামেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সোহরাওয়ার্দী উদ্যানে প্রায় এক লাখ বিক্ষোভকারী জড়ো হন। তাদের হাতে ছিল শত শত ফিলিস্তিনি পতাকা। সেখানে তারা ‘মুক্ত মুক্ত, ফিলিস্তিন’-এর মতো স্লোগান দেন।
প্রতিবেদনে আরও বলা হয়, বিক্ষোভকারীদের অনেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি পেটান। তাদের অভিযোগ, তারা ইসরায়েলের সহযোগী। এ সময় তারা প্রতীকী কফিন এবং হতাহত বেসামরিক মানুষের প্রতীকী পুত্তলিকা সঙ্গে আনেন।
এপির প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ইসলামিক গ্রুপ ও দল এই র্যালিতে সংহতি জানায়।
প্রতিবেদনের শেষে বলা হয়, ১৭ কোটি মানুষের বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ। বাংলাদেশের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক নেই এবং তারা অফিশিয়ালি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন করেন। সূত্র: টাইমস অব ইসরায়েল এবং এপি
সুলতানা দিনা/অমিয়/