মার্কিন ফেডারেল অর্থায়নে পরিচালিত সংবাদ সংস্থা ভয়েস অব আমেরিকার (ভিওএ) প্রায় ৫০০ কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। এএফপির খবর।
ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়ার ভারপ্রাপ্ত সিইও কারি লেক শুক্রবার (২৯ আগস্ট) গভীর রাতে কর্মী ছাঁটাইয়ের এই ঘোষণা দেন। ভিওএ-এর পরিচালককে বরখাস্ত করতে বিচারকের নিষেধাজ্ঞা আসার একদিন পর মূল সংস্থার ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী এই ঘোষণা দিলেন। এর একদিন আগেই একজন ফেডারেল বিচারক তাকে ভিওএ পরিচালক পদ থেকে মাইকেল আব্রামোভিটজকে অপসারণে বাধা দেন।
দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে সংবাদমাধ্যমটিকে ‘উগ্রপন্থি’ বলে অভিহিত করে হোয়াইট হাউস। শুরু থেকেই এই সংবাদমাধ্যমটির কার্যক্রম সীমিত করার পদক্ষেপ নেওয়া হচ্ছিল। এরই একটি অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিল ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
এএফপি জানায়, এ সিদ্ধান্তে সমর্থন দিয়ে ভয়েস অব আমেরিকার মূল সংস্থা এজেন্সি ফর গ্লোবাল মিডিয়ার (ইউএসএজিএম) ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী (অ্যাক্টিং সিইও) ক্যারি লেক জানান, এই সিদ্ধান্ত ফেডারেল আমলাতন্ত্র কমাতে, সংস্থার সেবা উন্নত করতে এবং আমেরিকার জনগণের কঠোর পরিশ্রমের টাকায় সাশ্রয় আনতে সাহায্য করবে। তবে কর্মীদের একটি ইউনিয়ন নিউইয়র্ক টাইমসকে দেওয়া বিবৃতিতে এ পদক্ষেপকে ‘অবৈধ’ বলে অভিহিত করেছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি প্রচারণার মোকাবিলা করার জন্য ভয়েস অব আমেরিকা প্রতিষ্ঠিত হয়েছিল। পরে এটি প্রধান বৈশ্বিক সম্প্রচার মাধ্যমে পরিণত হয়। যুক্তরাষ্ট্রের গ্লোবাল মিডিয়া এজেন্সি (ইউএসএজিএম) ভয়েস অব আমেরিকার তত্ত্বাবধান করে।
সংস্থাটি জানিয়েছে, এই পদক্ষেপের আওতায় মোট ৫৩২টি পদ বাতিল করা হবে। আদালতের একটি নথি থেকে জানা যায়, এর বেশির ভাগ কর্মী ভিওএর। আর এই ছাঁটাইয়ের পর প্রতিষ্ঠানটিতে মাত্র ১০৮ জন কর্মী অবশিষ্ট থাকবে।
সুলতানা দিনা/