প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা অস্ট্রেলিয়ার ১৬ বছরের কম বয়সী শিশুদের ইনস্টাগ্রাম, ফেসবুক ও থ্রেডস থেকে সরিয়ে দিতে শুরু করেছে—দেশটিতে কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা কার্যকরের এক সপ্তাহ আগে থেকেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
গত মাসে প্রযুক্তি কোম্পানিটি জানিয়েছিল, ১৩ থেকে ১৫ বছর বয়সী ব্যবহারকারীদের নোটিশ পাঠানো হয়েছে যে ৪ ডিসেম্বর থেকে তাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে।
এতে প্রায় দেড় লাখ ফেসবুক ব্যবহারকারী এবং সাড়ে তিন লাখ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্ষতিগ্রস্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। থ্রেডস প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমেই ব্যবহার করা যায়।
কোনো কোম্পানি ১৬ বছরের কম বয়সীদের অ্যাকাউন্ট বন্ধে “যৌক্তিক পদক্ষেপ” নিতে ব্যর্থ হলে তাদের সর্বোচ্চ ৪৯.৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (৩৩ মিলিয়ন মার্কিন ডলার, ২৫ মিলিয়ন পাউন্ড) জরিমানা হতে পারে।
মেটার এক মুখপাত্র বৃহস্পতিবার সংবাদ মাধ্যম বিবিসিকে বলেন, “আইন মেনে চলা হবে একটানা ও বহুস্তরের একটি প্রক্রিয়া।”
তিনি আরও বলেন, “মেটা আইন মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ, তবে আমরা মনে করি আরও কার্যকর, মানসম্মত ও গোপনীয়তা-রক্ষাকারী একটি পদ্ধতি প্রয়োজন।”
গত মাসে মেটা জানায়, যাদের বয়স ১৬ বছরের কম বলে শনাক্ত করা হয়েছে, তারা অ্যাকাউন্ট বন্ধ হওয়ার আগে নিজেদের পোস্ট, ভিডিও ও বার্তা ডাউনলোড করে রাখতে পারবে।
যে কিশোররা মনে করেন তাদের ভুলভাবে ১৬ বছরের কম হিসেবে চিহ্নিত করা হয়েছে, তারা রিভিউয়ের আবেদন করতে পারে এবং বয়স যাচাইয়ের জন্য “ভিডিও সেলফি” জমা দিতে পারে। তারা চাইলে ড্রাইভিং লাইসেন্স বা সরকার–প্রদত্ত পরিচয়পত্রও দিতে পারবে। সূত্র: বিবিসি
মাহফুজ/