স্পেনের দক্ষিণাঞ্চলে দ্রুতগতির ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। গুরুতর আহত ৩০ জনেরও বেশি হাসপাতালে চিকিৎসাধীন। কর্তৃপক্ষ বলছেন, মৃতের সংখ্যা বাড়তে পারে।
স্থানীয় সময় ১৮ জানুয়ারি (রবিবার) বিকেল ৬টা ৫০ মিনিটের দিকে কর্ডোবা শহরের কাছে আদমুজ শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় রেল নেটওয়ার্ক অপারেটর আদিফ।
আদিফের মতে, স্থানীয় সময় বিকেল ৬টা ৪০ মিনিটে মালাগা থেকে ট্রেনটি ছেড়ে যাওয়ার প্রায় ১০ মিনিট পরে দুর্ঘটনাটি ঘটে।
মালাগা থেকে মাদ্রিদগামী এই দ্রুতগতির ট্রেনটি লাইনচ্যুত হয়ে অন্য একটি ট্র্যাকে চলে যায়। এরপর লাইনচ্যুত ট্রেনটি মাদ্রিদ থেকে হুয়েলভাগামী একটি ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়।
আন্দালুসিয়ার জরুরি পরিষেবা জানায়, সংঘর্ষে মোট কমপক্ষে ৭৩ জন আহত হয়েছেন।
স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত অদ্ভুত বলে মনে হচ্ছে, কারণ ট্রেনটি লাইনচ্যুত হয়েছে লাইনের সোজা অংশে, যা গত বছরের মে মাসে সংস্কার করা হয়।
উদ্ধারকারী দল জানিয়েছে, ট্রেনের ধ্বংসাবশেষ দুমড়ে-মুচড়ে যাওয়ার কারণে জীবিত এবং মৃতদেহ উদ্ধার করা কঠিন হয়ে পড়েছে।
দুর্ঘটনার পর মাদ্রিদ এবং আন্দালুসিয়ার মধ্যে সমস্ত রেল পরিষেবা স্থগিত করা হয়েছে এবং সোমবারও বন্ধ থাকবে।
ইতালীয় রেল কোম্পানি ফেরোভি ডেলো স্ট্যাটোর একজন মুখপাত্র রয়টার্স সংবাদসংস্থাকে জানিয়েছেন, দুর্ঘটনায় জড়িত ট্রেনটির ধরণ ছিল একটি ফ্রেচিয়া ১০০০, যা সর্বোচ্চ গতি ঘণ্টায় ৪০০ কিমি। সূত্র: বিবিসি
অমিয়/