জম্মু-কাশ্মীরের ডোডায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর ১০ জন জওয়ান নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার একটি সেনাবহনকারী গাড়ি রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও ১০ জন জওয়ান গুরুতর আহত হয়েছেন।
ভারতের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, সেনাবাহিনীর একটি ‘ক্যাসপির’ মডেলের বুলেটপ্রুফ গাড়ি জওয়ানদের নিয়ে একটি অভিযানের উদ্দেশ্যে যাচ্ছিল। ভাদেরওয়াহ-চাম্বা আন্তঃরাজ্য সড়কের খানি টপ এলাকায় পৌঁছালে প্রতিকূল আবহাওয়া এবং দুর্গম রাস্তার কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়।
শোক প্রকাশ ও উদ্ধারকাজ দুর্ঘটনার পর জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা গভীর শোক প্রকাশ করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ লিখেছেন, “ডোডায় এই দুর্ভাগ্যজনক সড়ক দুর্ঘটনায় আমাদের ১০ জন সাহসী জওয়ানের প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাহত। তাদের অসামান্য সেবা এবং সর্বোচ্চ আত্মত্যাগ দেশ সবসময় মনে রাখবে।” তিনি আরও জানান, আহত ১০ জওয়ানকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে।
ভারতীয় সেনাবাহিনীর ‘হোয়াইট নাইট কোর’ নিশ্চিত করেছে যে, খারাপ আবহাওয়ার মধ্যে দুর্গম পথ দিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে বলেছেন, “ডোডায় এই দুর্ঘটনায় আমরা আমাদের সাহসী সেনা সদস্যদের হারিয়েছি। জাতির প্রতি তাদের সেবা চিরস্মরণীয় হয়ে থাকবে। আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সেই প্রার্থনা করি।”
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। রাজনাথ সিং জানান, আহত জওয়ানদের সেরা চিকিৎসা নিশ্চিত করার জন্য সব ধরনের নির্দেশ দেওয়া হয়েছে এবং এই কঠিন সময়ে পুরো দেশ সশস্ত্র বাহিনীর পাশে রয়েছে। সূত্র: এনডিটিভি
মাহফুজ/