কোস্টারিকার ডানপন্থি রাজনীতিবিজ্ঞানী লরা ফার্নান্দেজ ভূমিধস জয় পেয়ে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
রবিবার (১ ফেব্রুয়ারি) রাতে এই ফলাফল ঘোষণা করা হয়। খবর এএফপি।
ফলাফলে দেখা যায়, ৪০ শতাংশের বেশি ভোট পেয়ে রান-অফ এড়ানোর সীমা ছাড়িয়ে যাওয়ায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মধ্য-ডানপন্থি অর্থনীতিবিদ আলভারো রামোস পরাজয় স্বীকার করেন।
ভোটকেন্দ্রের ৮১ দশমিক ২৪ শতাংশ ফল গণনা শেষে বিদায়ী প্রেসিডেন্ট রদ্রিগো শাভেসের রাজনৈতিক উত্তরসূরি ফার্নান্দেজ পান ৪৮ দশমিক ৯৪ শতাংশ ভোট। রামোস পান ৩৩ দশমিক ২ শতাংশ ভোট।
প্রাথমিক ফল ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই দেশজুড়ে ফার্নান্দেজের সার্বভৌম জনগণ পার্টির সমর্থকেরা উল্লাসে ফেটে পড়েন। তারা নীল, লাল ও সাদা ডোরা কাটা কোস্টারিকার জাতীয় পতাকা নেড়ে উদ্যাপন করেন।
‘ভিভা রদ্রিগো চাভেস’, এমন স্লোগানও শোনা যায়- ফার্নান্দেজের রাজনৈতিক পথপ্রদর্শকের প্রতি ইঙ্গিত করে।
রাজধানী সান হোসেতে দলের আনুষ্ঠানিক নির্বাচন রাতের অনুষ্ঠানে ভিডিও বার্তায় যুক্ত হয়ে ৩৯ বছর বয়সী ফার্নান্দেজ তাকে প্রেসিডেন্ট-ইলেক্ট হিসেবে আস্থা রাখার জন্য চাভেসকে ধন্যবাদ জানান এবং বলেন, তার উত্তরাধিকার নিরাপদ হাতে রয়েছে।
তিনি আরও বলেন, কোস্টারিকা যেন অর্থনৈতিক প্রবৃদ্ধি, স্বাধীনতা এবং সর্বোপরি জনগণের অগ্রগতির পথে এগিয়ে যেতে পারে- সে জন্য তিনি অক্লান্তভাবে লড়াই করবেন।
৫২ লাখ জনসংখ্যার দেশ কোস্টারিকা, যা সাদা বালুর সৈকতের জন্য বিখ্যাত, দীর্ঘদিন ধরে মধ্য আমেরিকায় স্থিতিশীলতা ও গণতন্ত্রের এক মরুদ্যান হিসেবে পরিচিত ছিল।
তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশটি বৈশ্বিক মাদক বাণিজ্যে শুধু যাতায়াতের পথ নয়, বরং একটি গুরুত্বপূর্ণ লজিস্টিক কেন্দ্রেও পরিণত হয়েছে।
মেক্সিকান ও কলম্বিয়ান কার্টেলগুলোর মাদক পাচার স্থানীয় সমাজে ঢুকে পড়ায় দখলযুদ্ধ শুরু হয়। এর ফলে গত ছয় বছরে হত্যার হার ৫০ শতাংশ বেড়ে প্রতি এক লাখ বাসিন্দায় ১৭ জনে দাঁড়িয়েছে।
অপরাধ দমনে অনুপ্রেরণা হিসেবে ফার্নান্দেজ এল সালভাদরের কঠোরহস্ত প্রেসিডেন্ট নাইব বুকেলেকে উল্লেখ করেছেন। বুকেলে অভিযোগ ছাড়াই হাজার হাজার সন্দেহভাজন গ্যাং সদস্যকে কারাগারে পাঠিয়েছেন।
বুকেলেই প্রথম বিদেশি নেতা হিসেবে তাকে অভিনন্দন জানান।
ফার্নান্দেজের বিজয় লাতিন আমেরিকায় ডানদিকে রাজনৈতিক ঝোঁক আরও জোরালো হওয়ার প্রমাণ বলে মনে করছেন বিশ্লেষকেরা। দুর্নীতি ও অপরাধ নিয়ে জনরোষকে পুঁজি করে সাম্প্রতিক সময়ে চিলি, বলিভিয়া, আর্জেন্টিনা ও হন্ডুরাসেও রক্ষণশীলরা ক্ষমতায় এসেছে।
রদ্রিগো শাভেস ফার্নান্দেজকে তুলনামূলক অচেনা অবস্থান থেকে পরিকল্পনামন্ত্রী ও চিফ অব স্টাফ হিসেবে নিয়ে আসেন।
রবিবার রাতে তার সঙ্গে এক আলাপে শাভেস বলেন, ফার্নান্দেজের নেতৃত্বে ‘স্বৈরতন্ত্রও হবে না, কমিউনিজমও হবে না’ এ বিষয়ে তিনি আশাবাদী।
শাভেসের শাসনামলে সহিংসতা বাড়লেও তিনি এর দায় এড়িয়ে বিচারব্যবস্থার দিকে আঙুল তুলেছিলেন। তার অভিযোগ ছিল, আদালত অপরাধের ক্ষেত্রে খুব নরম।
২৭ বছর বয়সী এক ভোটার জেসিকা সালগাদো বলেন, সহিংসতা বাড়লেও সরকার সঠিক পথেই আছে মনে করে তিনি ধারাবাহিকতার প্রার্থী হিসেবে ফার্নান্দেজকে ভোট দিয়েছেন।
তিনি এএফপিকে বলেন, ‘সহিংসতা বেড়েছে কারণ তারা মূল হোতাদের ধরছে, এটা যেন নর্দমা থেকে ইঁদুর টেনে বের করার মতো।’
ফার্নান্দেজ জোর দিয়ে বলেছেন, তিনি কোস্টারিকার গণতান্ত্রিক ঐতিহ্য রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।
মাদক বাণিজ্য রাজধানী সান হোসেসহ বিভিন্ন শহরের উচ্চ ঘনত্বের ‘প্রেকারিওস’ (অনানুষ্ঠানিক বসতি) এলাকাগুলোকে গ্রাস করেছে। সেখানে প্রতিদ্বন্দ্বী মাদক চক্রের মধ্যে গোলাগুলি এখন নিত্যদিনের ঘটনা।
ফার্নান্দেজ বুকেলের কুখ্যাত ‘সন্ত্রাসী আটক কেন্দ্র’ (সেকোট) আদলে একটি সর্বোচ্চ নিরাপত্তা কারাগার নির্মাণ শেষ করার অঙ্গীকার করেছেন।
সুমন/