ভারতের রাজস্থানের কোটায় দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসের একটি শীতাতপনিয়ন্ত্রিত কোচে ভয়াবহ আগুন লাগে। কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় কেউ হতাহত হননি।
রবিবার (১৭ মে) ভোর ৫টা ১৫ মিনিটের দিকে কোটার বিক্রমগড় আলোট রেলস্টেশনের কাছে ৬৮ জন যাত্রী বহনকারী বি-১ কোচে আগুনের সূত্রপাত হয়।
নিরাপত্তা নিশ্চিত করতে ক্ষতিগ্রস্ত কোচটি দ্রুত ট্রেন থেকে বিচ্ছিন্ন করা হয় এবং ওভারহেড বৈদ্যুতিক সরবরাহ (ওএইচই) বন্ধ করে দেওয়া হয় বলে জানায় রেলওয়ে কর্তৃপক্ষ।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিচ্ছিন্ন কোচ থেকে ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছে। আগুন রেললাইনের পাশের কিছু গাছেও ছড়িয়ে পড়ে।
রেল কর্তৃপক্ষ জানায়, সব যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং তাদের কোটা পর্যন্ত যাত্রার জন্য অন্য বগিতে স্থানান্তরের ব্যবস্থা করা হয়েছে।
পূর্ণ ধারণক্ষমতা পুনরুদ্ধারে কোটা স্টেশনে ট্রেনটির সঙ্গে একটি অতিরিক্ত কোচ যুক্ত করা হবে।
আগুন লাগার কারণ এখনও তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
গতকাল শুক্রবার কেরালার তিরুবনন্তপুরম থেকে যাত্রা শুরু করে ১২৪৩১ রাজধানী এক্সপ্রেসটি। আজ দুপুর ১২টা ৩০ মিনিটে দিল্লির হজরত নিজামুদ্দিন রেলস্টেশনে পৌঁছানোর কথা ছিল ট্রেনটির। প্রায় দুই হাজার ৬০০ কিলোমিটার পথ অতিক্রম করার পর, গন্তব্য থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে, শুক্রবার হায়দ্রাবাদ রেলস্টেশনেও হায়দ্রাবাদ-জয়পুর স্পেশাল ট্রেনের একটি খালি কোচে আগুন লাগে। ট্রেনটি প্ল্যাটফর্মে আনার সময় এ ঘটনা ঘটে। ওই ট্রেনে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
সেকেন্দ্রাবাদ-ভিত্তিক দক্ষিণ মধ্য রেলওয়ে জানিয়েছে, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় এবং ক্ষতিগ্রস্ত কোচগুলো আলাদা করে ফেলা হয়। সূত্র: এনডিটিভি
অমিয়/