জননিরাপত্তায় মহানগরীতে গত ২৪ ঘন্টায় ৬৬৭টি টহল টিম ও ৭১টি চেকপোস্ট পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এতে ৩৬ মামলায় গ্রেপ্তার হয়েছেন ১৬০ জন। পাশাপাশি ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ৩৬৭টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
সোমবার (৩ মার্চ) সংবাদ মাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানায় ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং ডিএমপির ট্রাফিক বিভাগ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার (২ মার্চ) রাত ১টা হতে রাত ১১টা৫৯ পর্যন্ত ২৪ ঘন্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫০টি থানা এলাকায় জননিরাপত্তা বিধানে দুই পালায় (রাতে ৩৪০টি ও দিনে ৩২৭টি টিম) ডিএমপির ৬৬৭টি টহল টিম দায়িত্ব পালন করে। এর মধ্যে মোবাইল পেট্রোল টিম ৪৭৯টি, ফুট পেট্রোল টিম ৭৩টি ও হোন্ডা পেট্রোল টিম ১১৫টি। এছাড়া মহানগর এলাকার নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ৭১টি পুলিশি চেকপোস্ট পরিচালনা করা হয়।
পাশাপাশি মহানগরীর বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে দুই পালায় সিটিটিসির ১৪টি, তিন পালায় অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) এর ১২টি ও র্যাবের ১০টি টহল টিম দায়িত্ব পালন করে এবং পুলিশের বিশেষায়িত ইউনিট এপিবিএন কর্তৃক ২০টি চেকপোস্ট পরিচালনা করা হয়।
ডিএমপি জানায়, গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৬০ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৬ জন ডাকাত, ১৭ জন পেশাদার সক্রিয় ছিনতাইকারী, ৩ জন চাঁদাবাজ, ১৮ জন চোর, ২০ জন চিহ্নিত মাদক কারবারি, ১৯ জন পরোয়ানাভূক্ত আসামিসহ অন্যান্য অপরাধে জড়িত অপরাধী রয়েছে। অভিযানে বিভিন্ন অপরাধে ব্যবহৃত তিনটি চাকু, দুটি সুইচ গিয়ার, একটি দা, তিনটি লোহার রড, ছয়টি মোবাইল ফোন ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। পাশাপাশি ৫ হাজার ৩০ পিস ইয়াবা ও ১ কেজি ৫৮৪ গ্রাম গাঁজাও জব্দ করা হয়।
গত ২৪ ঘন্টায় ডিএমপির বিভিন্ন থানায় ৩৬টি মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ৩৬৭টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। অভিযানকালে ১২০টি গাড়ি ডাম্পিং ও ২২টি গাড়ি রেকার করা হয়েছে।
জননিরাপত্তা বিধান ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর এলাকায় পুলিশি কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে ডিএমপিসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে সমন্বিত চেকপোস্ট ও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।
/সিফাত