নরসিংদী ও কিশোরগঞ্জের ভৈরবের যাত্রীদের তুমুল চাহিদা সাপেক্ষে অবশেষে ২৬ মার্চ থেকে ঢাকা-নরসিংদী ও ভৈরব রুটে চালু হচ্ছে একজোড়া কমিউটার ট্রেন। ২৬ মার্চ ভোর ৬টা ৪৫ মিনিটে ভৈরববাজার থেকে ঢাকার উদ্দেশ্যে প্রথমবারের মতো যাত্রা করবে ‘নরসিংদী কমিউটার’ নামে এই নতুন ট্রেন।
এই ট্রেনের আসন বিন্যাস অন্যান্য কমিউটার ট্রেনের মতো নয়। ‘নরসিংদী কমিউটার’ নামে এই নতুন ট্রেনটির আসন বিন্যাস মেট্রোরেলের মতো। দুই পাশে বেঞ্চের মতো আসন; মাঝে দাঁড়ানোর পরিসর বাড়ানো হয়েছে।
বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, নরসিংদী কমিউটার -১ ট্রেনটি সকাল ৬টা ৪৫ মিনিটে ভৈরব বাজার থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে ৯টা ৫ মিনিটে। নরসিংদী কমিউটার-৪ কমলাপুর রেলস্টেশন থেকে সন্ধ্যা সাড়ে ৬টা ছাড়বে, ভৈরববাজার পৌঁছাবে রাত ৯টা ১০ মিনিটে। ট্রেন দুটি পথিমধ্যে দৌলতকান্দী, মেথিকান্দা, নরসিংদী, আড়িখোলা, টঙ্গী, ঢাকা বিমানবন্দর, ঢাকা ক্যান্টনমেন্ট ও তেজগাঁও স্টেশনে যাত্রা বিরতি করবে। কমিউটার ট্রেন দু’টির টিকিট সংশ্লিষ্ট কাউন্টার হতে ইস্যু করা হবে।
২৬ মার্চ সকাল সাড়ে ৯টার দিকে কমলাপুর রেলস্টেশনে রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান নরসিংদী কমিউটার ট্রেনের যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। গত বছরের ১৫ ডিসেম্বর ঢাকা-জয়দেবপুর-ঢাকা রুটে চলাচলকারী চার জোড়া কমিউটার ট্রেন উদ্বোধনের সময় তিনি ঢাকা থেকে নরসংদী ও নারায়ণগঞ্জের মধ্যে দুটি নতুন কমিউটার ট্রেন উদ্বোধন করার কথা জানিয়েছিলেন।
রেলওয়ে বলছে, এই কমিউটার ট্রেনটি চালু হওয়ায় ঢাকা, জয়দেবপুর, নারায়ণগঞ্জ, নরসংদী, ভৈরববাজার ও এর আশপাশের নানা গ্রামের কর্মজীবী ও অফিসগামী মানুষ নিজ বাড়ি থেকে সহজে ঢাকায় দাপ্তরিক ও দৈনন্দিন কাজ করতে সক্ষম হবেন। এতে রাজধানীর যানজটও বহুলাংশে হ্রাস পাবে।
রেলওয়ে জানিয়েছে, যাত্রীদের ভ্রমণের সুবিধার জন্য মেরামত হয়ে আসা ১১টি কোচের মাধ্যমে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনে রেক প্রতিস্থাপন করা হবে।
জয়ন্ত সাহা/এমএ/