সারা দেশে গত তিন মাস দূষণবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে ২৪ কোটি টাকা জরিমানা আদায়ের পাশাপাশি ৬৪৮টি ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যানবাহন, অবৈধ ইটভাটা, স্টিল মিল, শব্দদূষণ, ঝুঁকিপূর্ণ বর্জ্য, সিসা কারখানা, জলাশয় ভরাট, টায়ার পোড়ানোর বিরুদ্ধে গত ২ জানুয়ারি থেকে ১০ এপ্রিল এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৭৭৮টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে ১ হাজার ৬৬৩টি মামলার মাধ্যমে মোট ২৪ কোটি ৯ লাখ ৫০ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে ৪৩৮টি অবৈধ ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি আরও ২১০টি ইটভাটা বন্ধের জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, তা ছাড়া ১২৪টি ভাটার কাঁচা ইট ধ্বংস করা হয়েছে। ৭টি ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ ছাড়া একজনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ৭টি প্রতিষ্ঠান থেকে ৮ ট্রাক সিসা গলানোর যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। এরপর প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়।
অন্যদিকে গত ১০ এপ্রিল ঢাকা মহানগরের গুলশান, মাতুয়াইল, আমিনবাজার, মোহাম্মদপুর ও নারায়ণগঞ্জ এলাকায় নির্মাণসামগ্রী দিয়ে বায়ুদূষণের ঘটনায় ৬টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এই অভিযানে ৫টি মামলায় ২ লাখ ৫৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একই দিন আমিনবাজারে ব্যাটারির সিসা গলানোর একটি কারখানার বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। কারখানাটি উচ্ছেদ করে যন্ত্রপাতি জব্দ করা হয়েছে।
এ ছাড়া গাজীপুরে জলাধার ভরাটের অভিযোগে একজনকে সতর্ক করা হয়েছে। তাকে ৫ দিনের মধ্যে পুকুর আগের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে। মানিকগঞ্জ ও দিনাজপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযানে ৮টি মামলায় ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে একটি ইটভাটার চিমনি ও কাঁচা ইট ভেঙে দেওয়া হয়েছে। এ ছাড়া ৬টি ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।