সম্প্রতি এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে গুজরাটের আহমেদাবাদে বিধ্বস্ত হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে বাড়তি সতর্কতা গ্রহণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বর্তমানে সংস্থার বহরে থাকা ছয়টি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ আছে। এর মধ্যে চারটি ৭৮৭-৮ এবং দুটি ৭৮৭-৯ মডেলের। এই বিমানগুলো নিয়মিত আন্তর্জাতিক রুটে চলাচল করছে। দুর্ঘটনার পর বিমানের প্রকৌশল বিভাগ সব ড্রিমলাইনারে বাড়তি কারিগরি পরীক্ষা শুরু করেছে।
মঙ্গলবার (১৭ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ বি এম রওশন কবীর জানান, ‘সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আমাদের প্রকৌশলীরা ড্রিমলাইনার উড়োজাহাজগুলোর ইঞ্জিন ফুয়েল সিস্টেম, ইলেকট্রনিক ইঞ্জিন কন্ট্রোল, হাইড্রোলিক, ইলেকট্রিক্যাল, ফ্লাইট কন্ট্রোল এবং এয়ার কন্ডিশনিং সিস্টেমসহ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের মান যাচাইয়ের কাজগুলো শুরু করেছে। পাশাপাশি ইঞ্জিনের পাওয়ার অ্যাসুরেন্স চেকও সম্পন্ন করছে।’
তিনি জানান, দুর্ঘটনার তদন্ত শেষে নির্মাতা কোম্পানি বোয়িং কোনো অতিরিক্ত নির্দেশনা দিলে তা সঙ্গে সঙ্গে বাস্তবায়নের জন্য বিমানের প্রকৌশল বিভাগ প্রস্তুত রয়েছে।
বিমানের ছয়টি ড্রিমলাইনারের রক্ষণাবেক্ষণ হয় একটি অনুমোদিত ‘এয়ারক্রাফট মেইনটেন্যান্স প্রোগ্রাম’ অনুসারে। এটি বোয়িংয়ের নির্দেশনা, টাইপ সার্টিফিকেট হোল্ডার এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (CAAB) অনুমোদনের ভিত্তিতে তৈরি। প্রতিটি রক্ষণাবেক্ষণ কার্যক্রম বোয়িং নির্ধারিত ম্যানুয়াল অনুসরণ করে একজন বা একাধিক টাইপ রেটেড প্রকৌশলীর তত্ত্বাবধানে সম্পন্ন হয়ে থাকে। কাজ শেষ হলে প্রকৌশলীর স্বাক্ষরিত টাস্ক কার্ড কোয়ালিটি অ্যাসিউরেন্স বিভাগের দ্বারা যাচাইয়ের পর সংরক্ষণ করা হয়।
এ ছাড়া ‘এয়ারক্রাফট হেলথ ম্যানেজমেন্ট’ ও ‘ইঞ্জিন হেলথ ম্যানেজমেন্ট’ সিস্টেমের মাধ্যমে বিমানের মেইনটেন্যান্স কন্ট্রোল সেন্টার এবং কেন্দ্রীয় প্রকৌশল বিভাগ প্রতিটি ড্রিমলাইনারের অবস্থা সার্বক্ষণিকভাবে ‘রিয়েল টাইম’ পদ্ধতি অনুসরণ করে পর্যবেক্ষণ করছে। এর ফলে যেকোনো যান্ত্রিক সমস্যার আগেই সতর্কবার্তা পাওয়া যায় এবং সে অনুযায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব হয় বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ভারতীয় কর্তৃপক্ষ দুর্ঘটনার পর তাদের বহরে থাকা সব বোয়িং ৭৮৭-৮/৯ এয়ারক্রাফট, বিশেষ করে জিইএনএক্স ইঞ্জিনযুক্ত উড়োজাহাজগুলোকে অতিরিক্ত কারিগরি পরীক্ষার আওতায় আনতে নির্দেশ দিয়েছে।