রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। এ ছাড়া এখনো নিখোঁজ রয়েছেন পাঁচজন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) এক আনুষ্ঠানিক বিবৃতিতে স্কুল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
স্কুল কর্তৃপক্ষ জানায়, ঘটনাটি ঘটে আনুমানিক দুপুর ১টা ১২ মিনিট থেকে ১টা ১৪ মিনিটের মধ্যে। ওই সময় স্কুলের ছুটি হয়ে গিয়েছিল (বেলা ১টা), ফলে কিছু শিক্ষার্থী অভিভাবকের অপেক্ষায় ছিল স্কুল চত্বরে।
বিমান বিধ্বস্তের ফলে এখন পর্যন্ত ২২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে মাইলস্টোন কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে রয়েছে ১৮ জন শিক্ষার্থী, ২ জন শিক্ষক এবং ২ জন অভিভাবক।
এ ছাড়া, এই ঘটনায় ৫১ জন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে ৪০ জন শিক্ষার্থী, ৭ জন শিক্ষক, একজন অভিভাবক, এলজন আয়া, একজন পিয়ন এবং একজন অজ্ঞাত ব্যক্তি।
এ ঘটনায় ৫ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। তাদের মধ্যে ৩ জন শিক্ষার্থী ও ২ জন অভিভাবক।
মাইলস্টোন স্কুল ও কলেজের পক্ষ থেকে আরও জানানো হয়, গত মঙ্গলবার একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির তত্ত্বাবধানে হতাহত ও নিখোঁজের তালিকা তৈরি এবং হালনাগাদের কাজ চলছে।
বিবৃতিতে আরও জানানো হয়, দুর্ঘটনার পরপরই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, স্বাস্থ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, বিএনসিসি, রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট, অভিভাবক ও এলাকাবাসী উদ্ধার ও সহায়তা কার্যক্রমে এগিয়ে আসে।
স্বাস্থ্য অধিদপ্তর এবং বিমানবাহিনী আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করেছে। এ ছাড়া, বিমানবাহিনী এক জরুরি সমন্বয় সেল গঠন করেছে, যারা আহতদের চিকিৎসা ও সেবার যাবতীয় বিষয় দেখভাল করছে। ঘটনার সঠিক কারণ জানতে বিমানবাহিনীর পক্ষ থেকেও পৃথক তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।
তিথি/সালমান/