ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৩ জন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মৃতদের একজন শিশু, একজন পুরুষ ও একজন নারী। তাদের বয়স যথাক্রমে ০১, ৪০ ও ৬০ বছর। ডিএনসিসি ডেডিকেটেড কোভিড ১৯ হাসপাতালে একজন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একজন চিকিৎসাধীন ছিলেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১১৩, চট্টগ্রামে ১১৯, ঢাকা বিভাগে ১৫৮, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৬৭, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১৬, ময়মনসিংহে ৭৭, রাজশাহীতে ৬৫, রংপুরে ১২ ও সিলেটে ৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮২ হাজার ৬০৬ জন। মৃত্যু হয়েছে ৩২৬ জনের। এর মধ্যে জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে ৩, এপ্রিলে ৭, মে মাসে ৩, জুনে ১৯, জুলাইয়ে ৪১, আগস্টে ৩৯, সেপ্টেম্বরে ৭৬, অক্টোবরে ৮০ ও নভেম্বরে এখন পর্যন্ত ৪৮ জনের মৃত্যু হয়েছে।
এর আগে, ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন। এর মধ্যে মারা গেছেন ৫৭৫ জন। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
সাওন/এসজি/