চলতি সপ্তাহেই জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। একইসঙ্গে ভোট দেওয়ার সময় এক ঘণ্টা বাড়িয়েছে কমিশন। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ৯ ঘণ্টা ভোটগ্রহণ চলবে।
আগামীকাল ৮ ডিসেম্বর বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে তফসিল ঘোষণা রেকর্ডিংয়ের জন্য চিঠি পাঠানো হবে বলে জানান তিনি।
রবিবার (৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন কমিশনের ১০ম সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসি সানাউল্লাহ।
এ সময় আসন্ন তফসিল ও ভোটগ্রহণ-সংক্রান্ত গুরুত্বপূর্ণ নানা দিকনির্দেশনা তুলে ধরেন তিনি।
১ ঘণ্টা বাড়ল ভোটগ্রহণের সময়
সানাউল্লাহ জানান, এবার ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানো হচ্ছে। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা ভোটগ্রহণ চলবে। সকালে অতিরিক্ত ৩০ মিনিট এবং বিকেলে ৩০ মিনিট যোগ করেই সময়সীমা বাড়ানো হয়েছে।
তিনি আরও জানান, সংসদ নির্বাচন ও গণভোট- দুটি ভোট একসঙ্গে আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। আগের রাতে সব কেন্দ্রে ব্যালট পেপারসহ নির্বাচনি সামগ্রী পৌঁছে যাবে। জায়গার সংকট থাকলে একাধিক গোপন কক্ষ স্থাপন করা হবে।
প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালট
তিনি বলেন, ‘প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট পেপার ছাপানো আগামীকাল থেকেই শুরু হবে, আর পরশুদিন থেকে সেগুলো পাঠানো শুরু হবে। এ ছাড়া জানা যায়, পোস্টাল ব্যালট পেপার ছাপানো ইতোমধ্যে শুরু হয়ে গেছে।’
নির্বাচন কমিশনার স্পষ্টভাবে বলেন, ‘তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে সব পোস্টার-ফেস্টুন-ব্যানার সরাতে হবে। না হলে আরপিও অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন কমিশনে সেন্ট্রাল মনিটরিং সেল গঠন করা হচ্ছে, যেখানে প্রতিটি বাহিনীর প্রতিনিধি থাকবে।’
ভোটগ্রহণ কর্মকর্তা ও ব্যাংক-পোস্ট অফিস
ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে ১০ শতাংশ জনবল বাড়ানো হচ্ছে। বেসরকারি ব্যাংক থেকে কোনো কর্মকর্তা নিয়োগ দেওয়া হচ্ছে না। ভোটের দিন ছুটি থাকবে, তবে ব্যাংক ও পোস্ট অফিস খোলা থাকবে।
নিরাপত্তা ও পরিবহন নীতিমালা
ভোটের ৭২ ঘণ্টা আগে থেকে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নজরদারি থাকবে।
রাতে ব্যালট পাঠানোর সিদ্ধান্তের বিষয়ে ইসি আত্মবিশ্বাসী, ‘রাতের ভোটের কোনো পুনরাবৃত্তি হবে না, আমরা আগের অবস্থায় ফিরব না।’
এনআইডি জটিলতা ও উপদেষ্টা মনোনয়ন
সানাউল্লাহ জানান, সম্প্রতি এনআইডিতে বয়স পরিবর্তনের আবেদন অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে, যা ইসি নজরে রাখছে। উপদেষ্টা (অ্যাডভাইজরি) পদে থাকা কেউ ভোটে প্রার্থী হতে পারবেন না। জাপাসহ ১৪ দলের মধ্যে যাদের আইন অনুযায়ী অনুমোদন দেবে, তারাই ভোটে অংশ নিতে পারবে।
ভোটের সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা প্রস্তুত। তফসিল ঘোষণার পরপরই পূর্ণাঙ্গ মাঠপর্যায়ের কার্যক্রম শুরু হবে। স্বচ্ছ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেওয়া হয়েছে।’
এলিস/এসজি/