নির্বাচনের তফসিল ঘোষণার পর সাধারণ প্রক্রিয়ায় নতুন ভোটার হওয়ার সুযোগ না থাকলেও বিশেষ বিবেচনায় নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তে বাসায় বসেই ভোটার হতে পারবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ইসি সূত্র জানিয়েছে, পরিস্থিতি ও আইনশৃঙ্খলা বিবেচনায় কমিশন চাইলে এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে। এর আগে ২০০৮ সালে একইভাবে ক্যান্টনমেন্টের বাসায় বসে ভোটার হয়েছিলেন তারেক রহমানের মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে গত ১১ ডিসেম্বর। তফসিল ঘোষণার পর মাঠপর্যায়ে বা সাধারণ নিয়মে ভোটার হওয়ার সুযোগ বন্ধ থাকে। তখন নতুন করে কাউকে ভোটার তালিকাভুক্ত করার এখতিয়ার পুরোপুরি নির্বাচন কমিশনের হাতে ন্যস্ত হয়। এ অবস্থায় তারেক রহমান কীভাবে ভোটার হবেন– তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।
ইসি সূত্র জানায়, সবকিছু ঠিক থাকলে দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর আগামী ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরতে পারেন তারেক রহমান। তিনি ঢাকার বাসিন্দা হওয়ায় তার ভোটারসংক্রান্ত কার্যক্রম ঢাকা আঞ্চলিক নির্বাচন অফিসের আওতাভুক্ত হবে। বিএনপিও তার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসভবন প্রস্তুত করেছে। কমিশনের অনুমতি পেলে ওই বাসায় বসেই তার ভোটার নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হতে পারে।
ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী বলেন, ‘তফসিল ঘোষণার পর ভোটার হওয়ার বিষয়টি আমাদের হাতে থাকে না। তখন কমিশন সিদ্ধান্ত নিলে ব্যবস্থা নেওয়া হয়। কমিশন অনুমোদন দিলে তারেক রহমান ভোটার হতে পারবেন।’
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার এ বিষয়ে বলেন, ‘তিনি কীভাবে ভোটার হবেন, সেটা তার বিষয়। বিষয়টি অনেক কিছুর ওপর নির্ভর করে– এর মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতিও আছে। আমরা প্রবাসেও বাসায় গিয়ে মেশিনের মাধ্যমে ভোটার করি। সুতরাং চাইলে বাসায় বসেই ভোটার হওয়া সম্ভব। কমিশন পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নিতে পারে।’
ইসি কর্মকর্তারা জানান, শুধু ভোটার হওয়াই নয়– তফসিলের পর ভোটার হয়ে সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগও আইনে রয়েছে।
নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বলেন, ‘তারেক রহমান এখনো ভোটার হননি। তবে কমিশন চাইলে তাকে নিবন্ধন করে ভোটার করা যাবে এবং তিনি প্রার্থীও হতে পারবেন। এ বিষয়ে কমিশনের আইনগত এখতিয়ার রয়েছে।’
২০০৭-২০০৮ সালে দেশে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করা হয়। ওই সময় কারামুক্তির পর চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ায় তারেক রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেননি। অন্যদিকে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান দেশে ফিরে ভোটার হয়েছেন। খালেদা জিয়া ২০০৮ সালের ২৯ নভেম্বর তফসিল ঘোষণার পর ক্যান্টনমেন্টের ঠিকানায় ভোটার হন।
ইসি কর্মকর্তারা জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই প্রার্থীকে অবশ্যই ভোটার হতে হবে। ভোটার তালিকা আইনের ১৫ ধারা অনুযায়ী, কমিশন যে কোনো সময় যোগ্য ব্যক্তির নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারে। তবে মনোনয়ন যাচাইয়ের সময় ভোটার না হলে প্রার্থিতা বাতিল হওয়ার বিধান রয়েছে।
ইসির হালনাগাদ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন।