ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে সহিংসতার আশঙ্কার কথা তুলে ধরে বাংলাদেশে থাকা নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে ঢাকার যুক্তরাষ্ট্রের দূতাবাসের ওয়েবসাইটের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ও ফেসবুকে এই ‘নিরাপত্তা সতর্কতা’ জারি করা হয়।
সেখানে ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন এবং গণভোটের প্রসঙ্গ উল্লেখ করে বলা হয়, নির্বাচনকালীন রাজনৈতিক সহিংসতা বা চরমপন্থি হামলার ঘটনা ঘটতে পারে। যা জনসভা, ভোটকেন্দ্র এবং গির্জা, মন্দির, মসজিদ ও অন্যান্য ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থানগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকা উচিত বলে মনে করেন দূতাবাস।
নাগরিকদের উদ্দেশে এটাও বলা হয়েছে যে, শান্তিপূর্ণ উদ্দেশ্যে আয়োজিত বিক্ষোভ বা সমাবেশও যেকোনো সময় সংঘাতময় হয়ে উঠতে পারে এবং সহিংসতায় রূপ নিতে পারে। আপনাদের উচিত বিক্ষোভ বা মিছিল এড়িয়ে চলা এবং যেকোনো বড় জনসমাবেশের আশপাশে চলাচলের সময় সতর্কতা অবলম্বন করা।
আগামী ১০ ফেব্রুয়ারি থেকে মোটরসাইকেল এবং ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ধরনের যানবাহন চলাচলের ওপর বিধিনিষেধ আরোপের কথা উল্লেখ করে দূতাবাস জানিয়েছে, শেষের দুই দিন ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস সীমিত পরিসরে অন-সাইট বা সরাসরি সেবা দেবে।
নাগরিকদের সাতটি পরামর্শ দেওয়া দিয়েছে দূতাবাস। সেখানে বলা হয়, ‘বড় জনসমাবেশ ও বিক্ষোভ এড়িয়ে চলুন, পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে সচেতন হোন, স্থানীয় খবরাখবর পর্যবেক্ষণ করুন, সতর্ক ও চুপচাপ থাকুন, জরুরি যোগাযোগের জন্য চার্জ থাকা ফোন সঙ্গে রাখুন, নিজস্ব নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করুন, বিকল্প চলাচলের পথ পরিকল্পনা করুন।’