আইনি সুরক্ষা, ন্যায়বিচার ও সদাচরণের মাধ্যমে জনগণকে সেবা দেওয়ার জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
শুক্রবার (৬ মার্চ) পুলিশের আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এ তাগিদ দেন।
বাদ জুমা রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের কেন্দ্রীয় জামে মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুলিশ স্টাফ কলেজের রেক্টর (অতিরিক্ত আইজিপি) কাজী মো. ফজলুল করিমের অনুষ্ঠানে সভাপতিত্বে এ অনুষ্ঠানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও সদস্যসহ বেশকিছু মুসল্লি উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, ইসলাম শান্তির ধর্ম। আর পুলিশ সমাজে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করে থাকে। ফলে পুলিশ সদস্যদের জীবনে ধর্মীয় অনুশাসন লালনের মাধ্যমে নৈতিকতা ও সদাচরণ গড়ে তুলতে হবে।
পরে আইজিপি বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার তুলে দেন। প্রতিযোগিতায় আজানে প্রথম হন চট্টগ্রাম জেলার কনস্টেবল মো. মনিরুল ইসলাম, দ্বিতীয় হন ৩ এপিবিএনর নায়েক আবু মুসা এবং তৃতীয় হন আরএমপির এএসআই মো. ওমর ফারুক।
কেরাতে প্রথম হয়েছেন রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের লিনেন কিপার মো. আব্দুল আউয়াল, দ্বিতীয় ৩ এপিবিএনর নায়েক আবু মুসা এবং তৃতীয় হয়েছেন ময়মনসিংহ রেঞ্জ অফিসের কনস্টেবল আরিফুল ইসলাম।
হামদ ও নাতে প্রথম হয়েছেন, ১১ এপিবিএনের নারী কনস্টেবল নাদিয়া নাছরিন নূপুর, দ্বিতীয় চাঁপাইনবাবগঞ্জ জেলার নায়েক মো. রাকিবুল ইসলাম এবং তৃতীয় হন বিএমপির কনস্টেবল এস এম মশিউর রহমান।
‘নাগরিক হয়রানি বন্ধে ইসলাম’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় প্রথম হয়েছেন হবিগঞ্জ জেলার কনস্টেবল জুনায়েদ বিন মর্তুজ, দ্বিতীয় হন ৪ এপিবিএনর কনস্টেবল আ ম মো. উমর ফারুক বায়েজিদ এবং তৃতীয় হয়েছেন আরআরএফ রংপুরের নারী কনস্টেবল মোছা. এসমোতারা খাতুন।
বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীরা ঢাকায় এসে এই চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেন।
আলমগীর হোসেন/সুমন/