কক্সবাজার সমুদ্রসৈকত থেকে এক সপ্তাহের মধ্যে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (৯ মার্চ) দুপুর ২টার দিকে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদেরকে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, “কক্সবাজার আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। সৈকতকে শৃঙ্খলার মধ্যে রাখা এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সরকারের দায়িত্ব। এখানে কোনো ঝুপড়ি বা পলিথিন দোকান স্থাপন করা যাবে না।”
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আরও বলেন, সৈকতকে পর্যটকবান্ধব ও নিরাপদ রাখতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্ট এলাকায় নিয়মিত অভিযান চালাবে। তিনি আশা করেন, উচ্ছেদ অভিযান সমাপ্ত হলে কক্সবাজার সমুদ্র সৈকত আরও পরিচ্ছন্ন ও আকর্ষণীয় হয়ে উঠবে। এছাড়াও কক্সবাজার শহরজুড়ে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে।
এ সময় জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান, পুলিশ সুপার (এসপি) সাজেদুর রহমান, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীসহ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তারেকুর রহমান/নাঈম